‘জামাতের ছত্রছায়া ও সরকারি পৃষ্ঠপোষকতায় জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠেছে, অপশক্তি দমনে ঐক্যবদ্ধ হতে হবে’
আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, জামাতের ছত্রছায়া এবং জোট সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে উগ্র মৌলবাদি জঙ্গিরা বেপরোয়া হয়ে উঠেছে।
বিপন্ন হয়ে পড়ছে এই ভূখণ্ডের বিপুল জনগোষ্ঠীর উন্নয়ন এমনকি বাংলাদেশের অস্তিত্ব। তাই মুক্তিযুদ্ধের চেতনা শানিত করে অপশক্তির দুর্গে শেষ আঘাত হানতে হবে। জঙ্গি দমনে প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা নিতে হবে।
‘জঙ্গিবাদের উত্থান’ শীর্ষক এ সেমিনার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা অবিলম্বে জামাত-শিবিরসহ জঙ্গিবাদিদের নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধী ও দেশদ্রোহী হিসেবে তাদের বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা বাংলাদেশকে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্যে জনগণকে সক্রিয় হওয়ার আহবান জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর। বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক আবু সাইয়িদ।
এতে আলোচনায় অংশ নেন জাসদের কার্যকরি সভাপতি মইনউদ্দিন খান বাদল, আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, কলামিস্ট ও সাবেক আমলা মহিউদ্দিন আহমদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান।
মহিউদ্দিন খান আলমগীর বলেন, জোট সরকারের চার বছরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। জঙ্গিদের বিরুদ্ধে চেতনা দেশব্যাপী ছড়িয়ে দিতে না পারলে এটি জাতির জন্যে ভীতি হয়ে সামনে দাঁড়াবে। তাই এ অপশক্তির বিরুদ্ধে সারা দেশে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে।
মইনউদ্দিন খান বাদল বলেন, জামাত ও জঙ্গিরা তাদের প্রয়োজনে কোরানের সুরা ও হাদিস পর্যন্ত বদলে ফেলে। আন্তর্জাতিক পরিমণ্ডলে জঙ্গিবাদের কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, তথাকথিত কোনও ইসলামি দেশেই আজ শান্তি নেই। ইসলামের লেবাস পরে রাজনীতি তথা ক্ষমতা দখলের অপচেষ্টার তীব্র বিরোধিতা করে জাসদ নেতা বলেন, বঙ্গবন্ধু কখনও টুপি পরে কাউকে ভোট চাইতে বলেননি।
মহিউদ্দিন আহমদ বলেন, এদেশে জঙ্গিবাদের শুরু জিয়াউর রহমানের আমল থেকেই। আওয়ামী লীগকে ঠেকাতেই তিনি জঙ্গিবাদের আশ্রয় নেন। আর বর্তমানেও সেই ধারা অব্যাহত আছে।
মূল প্রবন্ধে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ইসলামী কট্টরপন্থী দলগুলো শুধু জিহাদি তত্ত্বে বিশ্বাস নয়, সশস্ত্র শক্তি প্রয়োগের মাধ্যমে এগুচ্ছে। ধর্মীয় কর্মকাণ্ড আর লেবাসের অন্তরালে জঙ্গিবাদিরা সারা দেশে তাদের নেটওয়ার্ক জোরদার করেছে। জামাত ও শিবির বাংলাদেশের সাত হাজার মাদ্রাসাভিত্তিক জঙ্গি তৎপরতা ও আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে। জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্যে রিক্রুট ও পশিক্ষণ কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে মাদ্রাসাকে। অনেক মসজিদও তাদের প্রশিক্ষণ কেন্দ্র।
তিনি জানান, মসজিদ মাদ্রাসার কথা বলে বিদেশি তহবিল এনে বাংলাদেশে ব্যয় করা হচ্ছে জঙ্গি তৎপরতার পেছনে। আল কায়েদাসহ আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত থাকায় তাদের টার্গেট বাংলাদেশ দখলে নেওয়া।
মূল প্রবন্ধে আরো বলা হয়, বাংলাদেশে তৎপর অর্ধশতাধিক জঙ্গি সংগঠন বিদেশ থেকে অর্থ পেয়ে থাকে। আর বাংলাদেশে ৫৮টি জঙ্গি গ্রুপের ‘মাদার অর্গানাইজেশন’ হচ্ছে প্রবিত্র ইসলামের নামে ধর্মব্যবসায়ী মওদুদীবাদি সংগঠন জামাত।
অধ্যাপক সাইয়িদ বলেন, বিএনপির দোসর জামাত ও এর নিয়ন্ত্রিত অন্য জঙ্গিবাদি সংগঠগুলোকে রক্ষায় সচেষ্ট রয়েছে ক্ষমতাসীন জোট সরকার। এ কারণেই এসব সশস্ত্র জঙ্গি সংগঠন রাষ্ট্রের অস্তিত্ত্বকে চ্যালেঞ্জ করে দেশে ভয়াবহ সশস্ত্র তৎপরতা চালালেও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয় না, মূল ঘাতকদের গ্রেপ্তার করা হয় না।
