২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেছেন শেখ হাসিনা, নিরাপত্তা জোরদার

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টুঙ্গিপাড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

এদিকে বিরোধী দলীয় নেতার সফরকে কেন্দ্র করে পুরো মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাজার প্রাঙ্গণের প্রবেশ পথে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। মাজারে আগতদের দেহ তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। মাজার ও বঙ্গবন্ধু ভবন এলাকায় পুলিশের পাশাপাশি গোয়েন্দাদের সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

তিন দিনের সফরে দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছেই তিনি বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। শেখ হাসিনা পরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে ইফতার করেন।

এখানে রাত যাপন করে সোমবার তিনি তার নির্বাচনী এলাকার নেতা কর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন। বঙ্গবন্ধু মাজারে আয়োজন করা হবে ইফতার মাহফিলের। এছাড়া সফরকালে তিনি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন।

শেখ হাসিনা টুঙ্গিপাড়া পৌঁছলে দিনভর বৃষ্টি ও চরম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের মানুষ রাস্তার দু’ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। আওয়ামী লীগ সভানেত্রী বৃষ্টিতে ভিজেই বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।