২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ এক চীন নীতিতে বিশ্বাস করে: মান্নান ভুঁইয়া

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভুঁইয়া সফররত চাইনিজ এসোসিয়েশন ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যানডিং (সিএএফআইইউ) এর প্রতিনিধি দলের সাথে আলাপকালে এক চীন নীতিতে বাংলাদেশের অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2005, 05:59 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

রোববার সিএএফআইইউ এর কাউন্সিল মেম্বার ও সাবেক সেক্রেটারী জেনারেল জিয়াং সুজিয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয়ে তাঁর অফিসকক্ষে সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক চীন সফরের উল্লেখ করে মান্নান ভুঁইয়া বলেন, বাংলাদেশ সরকার চীনের সঙ্গে বন্ধুত্বকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে।

তাইওয়ান ইস্যুতে চীন সরকারের অনুসৃত নীতির প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশও এক চীন নীতিকে সমর্থন করে।

জিয়াং সুজিয়ান বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনের নীতিকে সমর্থন করার জন্যে বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি স্থানীয় পর্যায়ের যুব নেতা ও এনজিও প্রতিনিধি দলের বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা হয়।

এ সময় সিএএফইইউ-এর অ্যাসোসিয়েট রিসার্চ ফেলো দুনা জিউমিন, সহকারি রিসার্চ ফেলো ঝাং ইয়াউ ও প্রোগ্রাম অফিসার ঝাং ইংহুয়া ও বাংলাদেশ-চীন গণ মৈত্রী সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।