আমি ধর্মনিরপেক্ষ নই, বিভ্রান্তি দূর করতে ও দলের স্বার্থেই ধর্ম কর্মে স্বাধীনতার প্রস্তাব করেছি: হানিফ
আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও দলের ঢাকা মহানগর কমিটির সভাপতি সাবেক মেয়র মোহাম্মদ হানিফ আবারও ঘোষণা দিয়েছেন, একজন মুসলমান হিসেবে আমি ধর্মনিরপেক্ষ নই। ধর্মের দিক থেকে আমি অবশ্যই একটি পক্ষে।
তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা শব্দটির সুযোগ নিয়ে এক শ্রেণীর মানুষ তথা রাজনৈতিক প্রতিপক্ষ সহজ সরল ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ অবস্থা থেকে রক্ষা করতেই ‘ধর্মনিরপেক্ষতা’র বদলে ‘ধর্মে কর্মে স্বাধীনতা’র প্রস্তাব করেছি আমি। আর এ অবস্থান আমার দলের মূল নীতিমালারও পরিপন্থী নয়।
ঢাকায় শনিবার বিকেলে আয়োজিত এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে তিনি আরও বলেন, উগ্র সন্ত্রাসী জঙ্গিদের পক্ষে আমার অবস্থান নয়। কোরান ও সুন্নাহ্’র ভিত্তিতে কেউ যদি রাষ্ট্র ব্যবস্থা চায়, একজন মুসলমান হিসেবে আমি তারও বিরোধিতা করতে পারি না। তবে পবিত্র ইসলামের নামে কেউ যেন ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে না পারে, সে জন্যেই আমি ধর্ম কর্মের স্বাধীনতার প্রস্তাব করেছি। দলের স্বার্থেই আমি একথা বলছি।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ হানিফ বলেন, আওয়ামী লীগের ঘোষণাপত্রে ‘ধর্মনিরপেক্ষতা’র বদলে ‘ধর্মে কর্মে স্বাধীনতা’ সংযোজনের জন্যে চার বছর আগেই আমি দলীয় ফোরামে প্রস্তাব রেখেছিলাম।
প্রায় এক মাস আগে ধর্মনিরপেক্ষতা নিয়ে নতুন বক্তব্য উপস্থাপনের পর মোহাম্মদ হানিফ শনিবার এই প্রথমবারের মতো প্রকাশ্য কোনও অনুষ্ঠানে এসে তার মতামত তুলে ধরলেন। তার সাম্প্রতিক বক্তব্য নিয়ে আওয়ামী লীগসহ দেশের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
জাতীয় প্রেসক্লাবে ‘ধর্মনিরপেক্ষতা’ বিষয়ে এ সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পলিসি ফোরাম।
এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোজাফ্ফর আহমদ। বক্তব্য রাখেন বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন এবং দৈনিক যুগান্তরের সহযোগী সম্পাদক ড. মাহবুব হাসান। সংগঠনের প্রেসিডিয়াম চেয়ারম্যান ফরিদ উদ্দিন আহমদ সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ হানিফ বলেন, দেশে একের পর এক যে বোমা হামলার ঘটনা ঘটছে, তা থেকে মানুষকে মুক্তি দিতে কথিত জঙ্গিবাদিদের সঙ্গে আলোচনা হতে পারে। এটি অন্যায় কিছু নয়। কেননা আলাপ আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানই উত্তম পন্থা। আর এ আলোচনার মাধ্যমে অনেক কিছু বের হয়েও আসতে পারে।
তিনি বলেন, কে জঙ্গি, আর কে নয়, তা ঢালাওভাবে বলা উচিত নয়। ঢালাওভাবে বলতে গিয়ে তা প্রকৃত আলেম ওলামাদের বিরুদ্ধে যেন না যায়, তারা যেন অযথা হয়রানির শিকার না হন, সেটি নিশ্চিত করা দরকার।
তিনি বলেন, কেউ যদি বলে, আমরা আল¬াহ্’র আইন চাই, শেরক-বেদাতমুক্ত বাংলাদেশ চাই, তবে একজন মুসলমান হয়ে তো আমি তার বিরোধিতা করতে পারি না। আর আওয়ামী লীগও যে এমনটি চায়না, একথা তো কোথাও বলা নেই।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এ নেতা জোর দিয়ে বলেন, দলের স্বার্থেই কথা বলেছি। এটি যদি দল গ্রহণ করে, ভালো। না করলে তো কিছু করার নেই।
