২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার বিচার বিভাগ পৃথক না করা পর্যন্ত আইনজীবীরা আন্দোলন চালিয়ে যাবে: এসসিবিএ সভাপতি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) সভাপতি অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন না করা পর্যন্ত আইনজীবীরা তাদের আন্দোলন চালিয়ে যাবে। বিডিনিউজের সঙ্গে শনিবার একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2005, 05:24 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

তিনি বলেন, আজ হোক, কাল হোক বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক হবেই। কিন্তু এ ব্যাপারে বর্তমান সরকার যে আচরণ করছে, জাতি তা আজীবন ঘৃণার চোখেই দেখবে।

অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, সরকার সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন না করলে নিম্ন আদালতের কার্যক্রম প্রশ্নের সম্মুখীন হতে পারে। আর তা হলে, বিচার বিভাগে সংকট দেখা দেবে। তিনি বলেন, বিচার বিভাগকে সবার উর্ধ্বে রাখতে সরকারের উচিত আজ থেকেই কাজ শুরু করা।

অ্যাডভোকেট মাহবুবে আলম বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ কেবল আইনজীবীদের দাবি নয়, রাষ্ট্র এবং সমাজেরও প্রত্যাশা এটি।

তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের দাবিতে আইনজীবীরা আন্দোলন করে যাচ্ছে। সরকার সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করলে এ আন্দোলন আরও জোরদার হতে পারে।

হাইকোর্ট ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সরকারকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের নির্দেশ দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট হাইকোর্টের এ আদেশ বহাল রাখেন।

সুপ্রিম কোর্টের এ নির্দেশনা বাস্তবায়নে গত আওয়ামী লীগ সরকার ও তত্ত্বাবধায়ক সরকার সাত বার সময় বাড়িয়ে নিয়েছিল। বর্তমান জোট সরকারও বিচার বিভাগ পৃথকীকরণে ১৫ বার সময় নিয়েছে।

আদালতের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নে সরকার সর্বশেষ ২০ অক্টোবর আরও চার মাস সময় চাইলে সুপ্রিম কোর্ট তা নামঞ্জুর করেন। এদিকে, আপিল বিভাগ সুপ্রিম কোর্টের রায় বিকৃত করার অভিযোগে নয়জন আমলার বিরুদ্ধে মাসদার হোসেনের দায়ের করা মামলার শুনানির দিন ধার্য করেছেন ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত আদালতের নির্দেশনা বাস্তবায়নে গড়িমসি করায় সুপ্রিম কোর্ট সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।