আইনের শাসনের অভাবে দেশের মানুষ চরম সংকটে রয়েছে: আ. লীগ
আইনের শাসন এবং সুষ্ঠ বিচার ব্যবস্থার অভাবে দেশের মানুষ চরম সংকটে রয়েছে।
আওয়ামী লীগ আয়োজিত ‘প্রশ্নবিদ্ধ বিচার ব্যবস্থা : বিপর্যন্ত আইনের শাসন’ শীর্ষক সেমিনারে শুক্রবার বক্তারা একথা বলেন।
গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলার ব্যাপারে বিচারকদের বিব্রত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, যে কোন আবেগে প্রভাবিত হয়ে বিচারক তাদের নিয়োগকালীণ শপথ ভঙ্গ করতে পারে না।
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত’র সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বার কাউন্সিলের সহ সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, সরকার প্রশাসনের একটি ক্ষুদ্র অংশ এবং মন্ত্রীদের বাধার কারণে ধীর গতিতে নির্বাহী বিভাগ থেকে বিচার পৃথকীকরণের কার্যক্রম পরিচালনা করেন।
তিনি উল্লেখ করেন, বিচার বিভাগ এখনও নির্বাহী বিভাগের নির্দেশনায় পরিচালিত হচ্ছে।
ক্রসফায়ার এবং অপারেশন ক্লিন হার্টের নামে বিচার বহির্ভূত হত্যার নিন্দা করে তিনি বলেন, জোট সরকার নিজেদের হীন রাজনৈতিক স্বার্থে সামরিক বাহিনীকে ব্যবহার করেছে।
জোট সরকারের বিরুদ্ধে বিচার বিভাগ দলীয়করণের অভিযোগ করে ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, সরকার বিচার প্রতিষ্ঠানগুলোকে দলীয়করনের ষড়যন্ত্রে ব্যস্ত। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের ওপর সুপ্রিম কোর্টের সার্বক্ষণিক প্রভাব বিস্তার করার বিষয়েও তিনি অভিযোগ করেন।
জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, সংবিধানের ওপর হস্তক্ষেপ করায় আইনের শাসন ব্যাহত হচ্ছে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের ব্যাপারে বিচারকদের আরো দৃঢ় হওয়া প্রয়োজন।
