গাজীপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৩০
যৌথ সভায় আওয়ামী লীগ সাংসদ অ্যাডভোকেট রহমত আলীকে দাওয়াত না করায় গাজীপুরের কালিয়াকৈরে বৃহস্পতিবার আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
সূত্র জানায়, সকাল ১০ টার দিকে চন্দ্রা বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ চত্ত্বরে পূর্ব নির্ধারিত যৌথ সভায় প্রধান অতিথি জেলা আওয়ামী লীগ সভাপতি আকম মোজাম্মেল হক উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে রহমত আলীর সমর্থকরা তাকে ঘিরে ধরে।
রহমত আলীকে কেন দাওয়াত করা হয়নি এব্যাপারে তারা তার কাছে কৈফিয়ত দাবি করে।
এ সময়ে একদল উচ্ছৃঙ্খল সমর্থক মোজাম্মেল হকের গাড়িতে আঘাত করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জেলা সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে রেজাউল করিম (২৫), ইলিয়াস কাঞ্চন (২৭), মঈনুল (২৮), সাইদুজ্জামান সেতু (৩০), আলীম (৩০), রুমি (৩০), মঈন (২৫) ও খোকন (২৫)কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ছাত্রলীগ নেতা ইলিয়াস কাঞ্চন বাদি হয়ে যুবলীগ সভাপতি রফিকুল ইসলামসহ ১৭ জনের নামে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছে।
