জোট সরকার পররাষ্ট্র ক্ষেত্রে পুরোটাই ব্যর্থ, বাংলাদেশকে পরিণত করেছে বন্ধুহীন উপেক্ষিত রাষ্ট্রে : আ.লীগ
আওয়ামী লীগ বলেছে, গত চার বছরে বিএনপি জামাত জোট সরকারের অদক্ষতা, দুর্নীতি, সন্ত্রাস, উগ্র সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে মদদদান, মানবাধিকার লঙ্ঘন, বিদেশি কূটনীতিকসহ জানমালের নিরাপত্তাহীনতা, অপশাসন এবং অপরিনামদর্শী কূটনৈতিক আচরণ ও ভ্রান্ত পররাষ্ট্রনীতি বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটি বন্ধুহীন উপেক্ষিত রাষ্ট্রে পরিনত হয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ বলেন, বৃহদায়তন অর্থনীতিতে চরম অব্যবস্থাপনা, সরকারের সার্বিক দুর্বৃত্তায়ন এবং দাতাগোষ্ঠীর সঙ্গে টানাপোড়েন আজ দেশকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। তারা বলেন, বিএনপি জামাত জোটের চার বছরের পররাষ্ট্রনীতি পুরোটাই ব্যর্থ।
জোট সরকারের চার বছর পূর্তিতে স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দলের পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত ফারুক আহমদ চৌধুরী তার মূল বক্তব্যে বলেন, বিএনপি জামাত জোটের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এর নানান পদক্ষেপ এদেশের গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে সংশয় জাগিয়েছে। বিশ্বব্যাপী আজ এ সরকারের ভূমিকা আর রূপ প্রশ্নবিদ্ধ। আজ যখন বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত, তখন একটি গঠনমূলক গতিশীল পররাষ্ট্রনীতি প্রনয়ণ ও বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জোট সরকার ঢাকঢোল পিটিয়ে তথাকথিত পূর্বমুখী কূটনীতি গ্রহণ করেও কোন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে নি। গত চার বছরে বিদেশি বিনিয়োগ, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ ও বাংলাদেশীদের চাকরি প্রাপ্তি ক্ষেত্রে কোন উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এমনকি দাতা দেশ ও সংস্থাসমূহের কাছ থেকে কারিগরি সহায়তা সংগ্রহেও সরকার ব্যর্থ হয়েছে।
টুয়েস ডে’ গ্রুপের সঙ্গে প্রকাশ্য বিরোধসহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে ফারুক চৌধুরী বলেন, পররাষ্ট্রনীতি তো দূরের কথা, ঢাকাস্থ কূটনৈতিক কোরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেও জোট সরকার ব্যর্থ হয়েছে। বিএনপি জামাত জোটের ভ্রান্ত পররাষ্ট্রনীতি এবং অপেশাদার কূটনীতির কারণে বাংলাদেশকে ক্রমশ বিশ্ব, তথা উপমহাদেশ থেকেই বিচ্ছিন্ন করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্বায়ন, মুক্তবাজার আর তথ্যবিপ্লবের এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে একটি প্রগতিশীল, জাগ্রত ও সক্রিয় পররাষ্ট্রনীতির ওপর নির্ভর করতে হবে। বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অতীতের তুলনায় ক্ষিপ্রতর হতে হবে আমাদের বিদেশ নীতির পদক্ষেপ। কিন্তু জোট সরকার চার বছরে একটি স্থবির, প্রতিক্রিয়াশীল ও সন্ত্রাসী সমাজ গড়ে তুলেছে। তাই ব্যর্থ এ সরকারের পক্ষে পররাষ্ট্র ক্ষেত্রে গতিশীলতার জরুরি প্রয়োজনটি মেটানো অসম্ভব।
এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ছাড়াও সাবেক কয়েকজন রাষ্ট্রদূত ও বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।
