২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে সময় চেয়ে সরকারের আবেদন সুপ্রিম কোর্টের প্রত্যাখ্যান

সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা অনুযায়ী নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি বাস্তবায়নের জন্য আরও চার মাস সময় চেয়ে সরকার যে আবেদন করেছে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট তা প্রত্যাখ্যান করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

সুপ্রিম কোট আদালত অবমাননার অভিযোগ থেকে নয়জন আমলাকে অব্যাহতি দানের আবেদনও প্রত্যাখ্যান করেন। আপিল বিভাগ এ সংক্রান্ত মামলার শুনানি ধার্য করেছেন ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত মামলার রায় বিকৃত করার দায়ে সুপ্রিম কোর্ট নয় আমলার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।

বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণ প্রক্রিয়া বাস্তবায়নে সরকারের গড়িমসিতে আদালত ক্ষোভ প্রকাশ করেন।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হাসান এবং আর পাঁচজন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের মতে, বিচার বিভাগের পৃথকীকরণ সংক্রান্ত সরকারের পদক্ষেপ দেখে মনে হচ্ছে, সুপ্রিম কোর্ট অন্ধ ও বধির হয়ে গেছে।

সরকারের পক্ষে সময় চেয়ে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। তিনি জনান, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বাস্তবায়নে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুসারে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা রাষ্ট্রীয় নীতির একটি অংশ। এ নীতি বাস্তবায়নে সরকারকে অনেক কিছু বিবেচনা করতে হয়। এর অংশ হিসেবে ম্যাজিস্ট্রেসি পরিবর্তনে সরকারের আরও সময় প্রয়োজন।

তিনি জানান, আদলতের নির্দেশ অনুসারে সরকার ইতিমধ্যে জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করেছে।

এক সাক্ষাতকারে এই মামলার মধ্যস্থতাকারী ব্যারিস্টার আমিরুল ইসলাম জানান, বিচার বিভাগের পৃথকীকরণ প্রক্রিয়া বর্তমানে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে।

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণসহ সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য সুপ্রিম কোর্ট ১৬ এপ্রিল সরকারকে আরও ছয় মাস সময় দেন। এ পর্যন্ত আদালত এ বিষয়ে ২২ বার সময় বৃদ্ধি করেছে।

এর আগেও এ বছরের ২৬ ফেব্রুয়ারি আদালত সরকারকে ১৫ মার্চের মধ্যে বিচার বিভাগের পৃথকীকরণের জন্য সময়সীমা বেঁধে দেন।

এদিকে, বিচারপতি মাজদার হোসেনের রায়ের বিকৃত ব্যাখ্যা করায় আদালত অবমাননার দায়ে সুপ্রিম কোর্ট গত বছর ২৯ নভেম্বর নয়জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে রুল জারি করেন।

অভিযুক্ত নয় কর্মকর্তা হলেন, সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার এবং মো. আব্দুর রব হাওলাদার, একই মন্ত্রণালায়ের উপ সচিব মো. আবুল কালাম আজাদ চৌধুরী এবং সিনিয়র সহকারি সচিব মো. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব শফিকুল ইসলাম তালুকদার এবং একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, কেবিনেট বিভাগের উপ সচিব মো. ফজলুল হক এবং অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব একেএম মোতালেব হোসেন।

অভিযুক্ত আমলাদের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট টিএইচ খান।

হাই কোর্ট ১৯৯৯ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের জন্য সরকারকে নির্দেশ দেন।