২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজেপির ইফতার পার্টিতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার ক্ষমতাসীন জোটের সরকারের অংশীদার বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি-মঞ্জুর) আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2005, 10:01 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

ঢাকা মহানগরীর সাবেক মেয়র নাজিউর রহমানের নেতৃত্বাধীন বিজেপি নগরীর শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে এই ইফতার মাহফিলের আয়োজন করে।

মাহফিলে তরিকুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, শাহজাহান সিরাজ এযং ব্যরিস্টার নাজমুল হুদাসহ জোটের একাধিক মন্ত্রী ও এমপি যোগ দেন।

তবে জাতীয় পার্টির অপর এক অংশের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে দেরীতে পৌঁছেন।

প্রতিমন্ত্রীদের মধ্যে ব্যরিস্টার আমিনুল হক, ব্যরিস্টার শাহজাহান ওমর এবং আলমগীর কবিরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে সম্প্রতি বিএনপি থেকে অবসর নেওয়া গয়েশ্বর রায়ও এসময় উপস্থিত ছিলেন।

ইসলামী ঐক্যজোটের এক অংশের আমীর ও মহাসচিব শায়খুল হাদীস মাওলানা আজিজুল হক এভং মাওলানা আব্দুর রব ইউসুফিও উপস্থিত ছিলেন। তবে ইসলামী ঐক্য জোটের (আমিনি) কাউকে দেখা যায় নি।

জামাত-ই-ইসলামীর সিনিয়র সহকারী মহাসচিব কামরুজ্জামান এবং ঢাকা মহানগরী শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খান মাহফিলে উপস্থিত ছিলেন।

মাহফিলে ৫৫ মিনিটের উপস্থিতিতে প্রধানমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন যা সাংবাদিকদের কৌতুহল সৃষ্টি করে।

আপনাদের যোগদানের মাধ্যমে চার দলীয় জোট পাঁচ দলীয় জোটে পরিণত হচ্ছে, সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্ন অবশ্য মঞ্জু প্রত্যাখান করেন।