২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল নেতৃত্বের সাথে নির্বাচনী আলোচনা করতে বিএনপি’র দুদিন ব্যাপি সম্মেলন শনিবার শুরু

জোট সরকারের ৫ বছরের শাসনামল শেষে নির্বাচন অনুষ্ঠান বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্যে ক্ষমতাসীন বিএনপি’র দুদিন ব্যাপি এক সম্মেলন শনিবার প্রধানমন্ত্রী ভবনে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 09:37 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

সম্মেলনে বিএনপি’র উর্ধ্বতন নেতারা দলের অভ্যন্তরীণ বিরোধ মেটানোর জন্য জেলা, পৌরসভা ও থানা পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় করবেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্মেলনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আবদুল মান্নান ভূইয়া উপস্থিত থাকবেন বলে পার্টি সূত্র জানিয়েছে।

হাওয়া ভবন সূত্র জানায়, সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন করবেন বিএনপি’র সিনিয়র যুগ্ন মহাসচিব তারেক রহমান।

দলের কেন্দ্রীয় নেতারা আগামী নির্বাচনের রূপরেখা নিয়ে দলীয় নেতকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। অন্যদিকে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আবার ক্ষমতায় আসতে দলের কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে তাদের মতামত ব্যক্ত করবেন। মন্ত্রীসভার সদস্য, এমপি ও নব নির্বাচিত মহিলা এমপিরা সম্মেলনে অংশ নেবেন।

দলীয় সূত্রমতে, দেশের ৬৪টি জেলার প্রায় ৩২০০ তৃণমূল পর্যায়ের নেতাকে সম্মেলনে অংশগ্রহের নিমন্ত্রণ জানানো হয়েছে।

সম্মেলনের প্রথম দিনে দলীয় শীর্ষ নেতারা চট্টগ্রাম রাজশাহী ও সিলেট বিভাগের শীর্ষ নেতাদর সাথে বৈঠক করবেন। দ্বিতীয় দিনে ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের নেতাদের সাথে মত বিনিময় হবে।

উভয় দিনে বিকেল তিনটায় সভা শুরু হয়ে ইফতারি পর্যন্ত চলবে।

সভায় বিএনপি তার চার বছরের সাফল্য তুলে ধরে প্রকাশিত একটি বুকলেট বিলি করবে।

এছাড়াও প্রধান বিরোধী দল আওয়ামী লীগের নেতিবাচক কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রকাশিত আরেকটি বুকলেট নেতাদের মাঝে বিলি করা হবে।