মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষের অবহেলায় চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমান (৬৫) চিকিৎসাধীন অবস্থায় খাট থেকে পড়ে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে মারা যান।
এ ঘটনায় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর প্রতীক বিডিনিউজকে জানান, গত ৫ দিন আগে আবদুর রহমানকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
মোস্তফা আরও জানান, কিন্তু মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাকে দেখাশোনার জন্য ট্রাস্টের পক্ষ থেকে কোন ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে রাতে ঘুমের মধ্যে হাসপাতালের বেড থেকে তিনি পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান। তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার সকাল ৮টায় তিনি মারা যান।
মুক্তিযোদ্ধা আবদুর রহমান ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। মাসিক মাত্র আড়াই হাজার টাকা সরকারি ভাতা দিয়েই স্ত্রী ও একমাত্র মেয়ে নিয়ে তার সংসার চলতো। কয়েক বছর আগে মারা যায় তার একমাত্র ছেলে।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোদাসসের হোসেন মধু অভিযোগ করেন, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের দুর্নীতিগ্রস্থ কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই মৃত্যু হলো আবদুর রহমানের।
মধু অভিযোগ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তাকে দেখাশোনার জন্য কোন ওয়ার্ডবয় এর ব্যবস্থা করা হয়নি। কোন রকম আর্থিক সাহায্যও তাকে করা হয়নি।
অপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সামসুর মন্ডল বলেন, আবদুর রহমানকে হাসপাতালে ভর্তি থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কর্তৃপক্ষ তার সুচিকিৎসার কোন ব্যবস্থাই নেয়নি।
এ ব্যাপারে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
