মঙ্গাপীড়িত নীলফামারী সফরে আসতে প্রধানমন্ত্রীর প্রতি নূরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রীকে নীলফামারী জেলায় আমন্ত্রণ জানিয়ে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, আপনি এসে দেখে যান আপনার সরকারের উন্নয়নের জোয়ারে ভাসা মানুষগুলো কী ভাবে বেঁচে আছে।
শুক্রবার বিকেলে মঙ্গা কবলিত নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের চাঁদেরহাটে আওয়ামী লীগের পক্ষ থেকে মঙ্গা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বন্যার সময় জেলার সাড়ে তিন লাখ মানুষের ক্ষুধা নিবারণের জন্য সরকার মাত্র ৯৫ মে.টন চাল আর এক লাখ টাকা বরাদ্দ দিয়ে মানুষের দূর্ভোগ নিয়ে তামাশা করেছে।
শুক্রবার মঙ্গাপীড়িত সদর উপজেলার ১৫টি ইউনিয়নে পাঁচশ’টি পরিবারকে পাঁচ কেজি করে চাল বিতরণ করা হয়।
উত্তরবঙ্গের মঙ্গা নিয়ে সরকারের নির্লিপ্ততার সমালোচনা করে নূর আরও বলেন, না খেয়ে মানুষ মারা যাচ্ছে, তবু সরকারের পক্ষ থেকে একজন মন্ত্রী; এমন কী জেলা পর্যায়ের একজন নেতাও এসে দু:খি মানুষের খোঁজ নেয়নি।
