নরসিংদীর চরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ আহত ১৫
দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নরসিংদী সদর উপজেলার দূর্গমচর আলোকবালী গ্রামে শুক্রবার সকালে মোখলেস নামে এক ব্যক্তি নিহত এবং ১৫ জন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ওই গ্রামের মোখলেস গ্রুপের সাথে বাসেদ জামাল গ্রুপের মধ্যে এই সংঘর্ষ বাধে।
সংঘর্ষে মোখলেস মারাত্মক আহত হলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
আহতদের মধ্যে নজর আলী (৩২), সেলিম (২৫), আমির হোসেন (১৮), শহীদ মিয়া (৫৫) এবং মিজানকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা পুলিশের ভয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছে।
এর আগে গত ৯ অক্টোবর বিবাদমান এই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ মহিলাসহ ৮ জন আহত হয়েছিলো।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গ্রেপ্তার বা মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায় নাই।
