২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ বর্জনে বিএনপি ও আওয়ামী লীগ একই পথে, প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি ২০ শতাংশও

দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে দাবি করলেও বিরোধী দলে গিয়ে তাদের অবস্থানে থাকতে পারেনি।

নিজস্ব প্রতিবেদক

মহসীনূল করিম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2005, 04:25 PM

Updated : 26 Apr 2022, 06:12 PM

অনুসন্ধানে জানা যায়, দুটি দলই ক্ষমতায় থাকতে বিরোধী দলকে সংসদে গিয়ে কথা বলার আহ্বান জানায়। কিন্তু নিজেরা বিরোধী দলে গিয়ে সংসদে যাওয়ার মানসিকতা হারিয়ে ফেলে।

দলীয় সিদ্ধান্তের কারণে দল দুটির সদস্যদের ধারাবাহিকভাবে সংসদের বাইরে অবস্থান করতে হয়। আবার সদস্যপদ রক্ষার জন্য দল দুটির সদস্যদের মাঝে মাঝে একদিনের জন্য সংসদে যাওয়ার নজির রয়েছে।

চলতি অষ্টম সংসদের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ ১৮টি অধিবেশনের ২৯৭টি কার্যদিবসের মধ্যে মাত্র ৮৭টি কার্যদিবস সংসদে উপস্থিত ছিলো।

অপরদিকে সপ্তম সংসদের প্রধান বিরোধী দল বিএনপি ২৩টি অধিবেশনের ৩৮২টি কার্যদিবসের মধ্যে ১৪৯ কার্যদিবস সংসদে অনুপস্থিত থেকেছে। এর মধ্যে লাগাতারভাবে ৭২ ও ৭৭ দিন সংসদে অনুপস্থিত থাকে দলটির সদস্যরা।

বিরোধী দলের অনুপস্থিতির সময় দল দুটিরই সংখ্যাগরিষ্টতা থাকলেও সংসদের অধিবেশন চলে কোরাম সংকট নিয়ে নি®প্রাণভাবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, একই রকম নাজুক অবস্থা দল দুটির সংসদে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রেও। সংসদ অধিবেশন বর্জন, ওয়াক আউট ও প্রতিশ্রুতি বাস্তবায়নহীনতার সংস্কৃতিতে আওয়ামী লীগ ও বিএনপি দুটি দলই যেনো সমানতালে এগিয়ে চলেছে।

বর্তমান সংসদে প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা প্রায় ৭৫০টি প্রতিশ্রুতি দিয়েছেন। এরমধ্যে মাত্র ২০ শতাংশ অর্থাৎ ১৫০টি প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়েছে। বাকী ৬০০টিই বাস্তবায়িত হয়নি।

তবে প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমান ১৫০টিও নয় বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। এছাড়াও সংসদের বাইরে মন্ত্রীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, যার কোনো রেকর্ড নেই। সম্প্রতি মন্ত্রীদের প্রতিশ্রুতি বাস্তবায়নে অগ্রগতি পর্যালোচনায় একটি সংসদীয় স্থায়ী কমিটি গঠনের পর বিষয়টি স্পষ্ট হয়।

বর্তমান সরকারের অবাস্তবায়িত প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ, বেতার ও টেলিভিশনের স্বায়ত্ত্বশাসন, বিশেষ ক্ষমতা আইন বাতিল, দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, প্রশাসনে দলীয়করণ রোধ, মানবাধিকার কমিশন গঠন ইত্যাদি।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, চলতি অষ্টম জাতীয় সংসদে এ পর্যন্ত ১৮টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে মোট ২৯৭ টি কার্যদিবস সংসদের বৈঠক চলে। এরমধ্যে মাত্র ৮৭টি কার্যদিবস আওয়ামী লীগ সাংসদরা সংসদে উপস্থিত ছিলেন। তারা বাকী ২১০টি কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকেন।

তবে আওয়ামী লীগ সাংসদরা লাগাতারভাবে সংসদে অনুপস্থিত থাকেননি। চলতি সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ওয়াক আউট ও সংসদ বর্জন শুরু করে।

অন্যদিকে সপ্তম সংসদে ২৩টি অধিবেশনে মোট ৩৮২টি কার্যদিবস বৈঠক চলে। এরমধ্যে ১৪৯ টি কার্যদিবস প্রধান বিরোধী দল বিএনপির সাংসদরা সংসদে অনুপস্থিত থেকেছেন।

সূত্র জানায়, তুলনামূলকভাবে বেশি দিন সংসদে থাকলেও বিএনপির সদস্যরা দুদফায় একনাগাড়ে সংসদ বর্জন করেন। এরমধ্যে তারা প্রথম দফায় ৭২টি কার্যদিবস এবং মাঝে একদিনের জন্য সংসদে যোগ দিয়ে দ্বিতীয় দফায় আবারো ৭৭টি কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকেন।

আওয়ামী লীগ ও বিএনপির ওয়াক আউটের ঘটনাও খুব কাছাকাছি। আওয়ামী লীগ সাংসদরা চলতি সংসদের ৪১ টি কার্যদিবসে ৪৯ বার ওয়াক আউট করেছেন। সপ্তম সংসদে বিএনপির সদস্যরা ৫৪ বার ওয়াক আউট করেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি অধিবেশনের প্রথম অধিবেশনের ১৯ টি কার্যদিবস ও ™ি^তীয় অধিবেশনের ৩৭ কার্যদিবস আওয়ামী লীগ সংসদ বর্জন করে। তৃতীয় অধিবেশনের মাঝামাঝি ২০০২ সালের ২৪ জুন দলটির সদস্যরা অধিবেশনে ফিরে আসেন। ওই অধিবেশনের ২৪ টি কার্যদিবসের মধ্যে দলটির সাংসদরা মাত্র ছয়টি কার্যদিবস সংসদে উপস্থিত ছিলেন।

চতুর্থ অধিবেশনের চারটি কার্যদিবস, পঞ্চম অধিবেশনের ১০টি কার্যদিবসের মধ্যে আটটি কার্যদিবস, ষষ্ঠ অধিবেশনের ২৪ কার্যদিবসের মধ্যে ২৩টি কার্যদিবস, সপ্তম অধিবেশনের চারটি কার্যদিবসের মধ্যে একটি কার্যদিবস, অষ্টম অধিবেশনের ২৫টি কার্যদিবসের মধ্যে নয়টি কার্যদিবস আওয়ামী লীগ সাংসদরা সংসদের বৈঠকে উপস্থিত থাকেন।

নবম অধিবেশনের ছয়টি কার্যদিবস এবং দশম অধিবেশনের চারটি কার্যদিবসে তারা সংসদে ফেরেননি। একাদশ অধিবেশনের ৪৩টি কার্যদিবসের মধ্যে মাত্র একদিন তারা সংসদে যোগদান করেন। দ্বাদশ অধিবেশনের ২৫ কার্যদিবসের মধ্যে ২১টি কার্যদিবস, ত্রয়োদশ অধিবেশনের চার কার্যদিবসের মধ্যে তিনটি কার্যদিবস, চতুর্দশ অধিবেশনের ১১টি কার্যদিবসের মধ্যে ১০টি কার্যদিবস আওয়ামী লীগ সংসদে অবস্থান করে।

এ বছর ৩১ জানুয়ারি শুরু হওয়া পঞ্চদশ অধিবেশনের প্রথম দিনই আওয়ামী লীগ ওয়াক আউট করে। পরে দলটি আর সংসদে ফিরে আসেনি। ২২টি কার্যদিবসের পঞ্চদশ অধিবেশন, চারটি কার্যদিবসের ষোড়শ অধিবেশন, ২২টি কার্যদিবসের সপ্তদশ অধিবেশন ও নয়টি কার্যদিবসের অষ্টাদশ অধিবেশন আওয়ামী লীগ সাংসদদের অনুপস্থিতিতে সংসদ চলে।

তবে শুধুমাত্র সদস্যপদ রক্ষার জন্য আওয়ামী লীগের নাজমুল হাসান জাহেদ সপ্তদশ অধিবেশনে এবং আলতাফ হোসেন গোলন্দাজ অষ্টাদশ অধিবেশনে একদিন করে মাত্র কিছু সময়ের জন্য অধিবেশনে যোগ দেন।

অন্যদিকে, ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে গঠিত সপ্তম জাতীয় সংসদ বসে একই বছরের ১৪ জুলাই। ২০০১ সালের ১৩ জুলাই পর্যন্ত ওই সংসদের ২৩টি অধিবেশনে ৩৮২টি কার্যদিবস বৈঠক চলে। বিএনপির সদস্যরা ত্রয়োদশ অধিবেশনের দ্বিতীয় বৈঠকে ১৯৯৯ সালের ৮ জুন সংসদ থেকে ওয়াকআউট করেন।

সদস্যপদ রক্ষার জন্য ৭২টি কার্যদিবসের মাথায় অষ্টাদশ অধিবেশনের একাদশ কার্যদিবসে ২০০০ সালের ১৯ জুন তারা শুধু একদিনের জন্য আবার সংসদে যোগদান করেন। ওইদিন তারা সংসদে যোগদান করেন। এরপর বিএনপির এমপিরা আর সংসদে ফেরেননি। সংসদ ২৩তম অধিবেশন পর্যন্ত আরো ৭৭টি কার্যদিবস চলে।

এদিকে প্রধান বিরোধী দলগুলোর অনুপস্থিতিতে সপ্তম সংসদের অধিবেশনগুলো ছিলো একপেশে, নিস্প্রাণ। অষ্টম সংসদের বৈঠকগুলোরও একই রকম বেহাল অবস্থায় চলছে।

এছাড়াও দুটি সংসদেই সংসদ অধিবেশনের বৈঠকে কোরাম সংকট নিত্যদিনের ঘটনা। সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচিত বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যজোটের ৩৬ জন সদস্য ১৮তম অধিবেশনে যোগ দিলে কোরাম সংকট কিছুটা দূর হয়।

বিরোধী দলের সংসদে ফিরে যাওয়া প্রসঙ্গে বিরোধী দলের উপনেতা অ্যাডভোকেট আব্দুল হামিদ বিডিনিউজকে বলেন, সরকার বিরোধী দলকে সংসদে ফিরিয়ে নেওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না। বক্তব্য-বিবৃতিতে তারা আহ্বান জানালেও আমাদের সাথে কোনো যোগাযোগ করেননি।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে বিরোধী দলকে সংসদে ফিরিয়ে নিতে স্পিকারের মাধ্যমে একাধিকবার বৈঠক হয়েছে। তাদের সাথে চারদফা সমঝোতাও হয়েছিল। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নেই। সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলে আওয়ামী লীগ সংসদে ফিরে যেতেও পারে। একেবারে সংসদ বর্জনের কোনো ঘোষণা তো দেয়া হয়নি।

তবে বিরোধী দলের ওই অভিযোগ অস্বীকার করেছেন সরকার দলীয় হুইপ রেজাউল বারী ডিনা। তিনি বিডিনিউজকে বলেন, বর্তমান সরকার আমলেও স্পিকারের মাধ্যমে অনেকবার তাদের সাথে বৈঠক হয়েছে। তবে তারা সংসদে আসার ব্যাপারে আন্তরিক নন। তাদের আন্তরিকতা থাকলে তারা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে যোগ দিয়ে তাদের সমস্যা নিয়ে কথা বলতে পারতেন।

সংসদ বর্জনের রেওয়াজ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। সংসদীয় রীতিতে সংসদ থেকে ওয়াক আউট হতে পারে। তবে সংসদ বর্জনের রেওয়াজ বন্ধ হওয়া দরকার।