২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, শিবিরের ৫ নেতা-কর্মী আহত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষে শিবিরের পাঁচ নেতা-কর্মী আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সূত্র জানায়, বুধবার দুপুরে শিবিরের ১৫/২০ জন নেতা-কর্মী ইসলামের ইতিহাস ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও ছাত্রদের ইফতার পার্টির দাওয়াত দিতে যায়। কিন্তু প্রায় ১০ জন ছাত্রলীগ সমর্থক ওই বিভাগে গিয়ে শিবির কর্মীদের আমন্ত্রণ পত্র বিতরণ বন্ধ করতে বলে। এ সময়ে ছাত্রলীগ সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় দলের সংঘর্ষ বাধে।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই বিভাগে পৌঁছে শিবির কর্মীদের মারধোর করে।

আহত শিবির নেতা-কর্মীদের মধ্যে সংগঠনের সভাপতি মহিবুল্লাহ জিহাদীও রয়েছে।

এই ঘটনার পর ছাত্রলীগ এবং জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অন্যদিকে অনাকাংখিত ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পুলিশ ছাত্রলীগ ও ছাত্রদল নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয়ের মুল প্রবেশ পথে আটকে রাখে এবং পরিচয় পত্র ছাড়া কাউকে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেয় নি।

ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কামরুল হাসান রিপন বলেন, শিবির আবারও ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-ছাত্রীরা তাদেরকে প্রতিহত করবে।

সূত্র জানায়, শিবির প্রতিরোধে ছাত্রদলের মনোভাবও একই রকম।