চার্জশিটভুক্ত পলাতক ২ জেএমবি নেতার আত্মসমর্পণ, চাঁদপুর থেকে ১ জনকে জেআইসিতে প্রেরণ
জয়পুরহাটে ১৭ আগস্টের ধারাবাহিক বোমা হামলা মামলায় চার্জশিটভুক্ত পলাতক আসামি জেএমবি (জামাআ’তুল মুজাহেদীন বাংলাদেশ) নেতা তুহিন ও রউফ বুধবার দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে।
অপরদিকে চাঁদপুরে আটক জেএমবি’র আঞ্চলিক কমান্ডার গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার জেআইসি (জয়েন্ট ইন্টারোগেশন সেল) এ পাঠানো হয়েছে।
এদিকে বাগেরহাটে আটক জিল্লুর রহমান মোল্ল্যা ওরফে জিলু মোল্ল্যা (৬০) নামের এক জঙ্গি বুধবার বাগেরহাট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছে, গত ১৩ আগস্ট মোল্লাহাটের উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে তার বাড়িতে বসে বাগেরহাটে বিস্ফোরণের জন্য ৭টি বোমা জঙ্গি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছিলো।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, চার্জশিটভুক্ত পলাতক আসামি জেএমবি নেতা তুহিন ও রউফ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে। তুহিন জয়পুরহাট সদর উপজেলার হারহিল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং রউফ জেলা শহরের মারওয়ারী পট্টি পূর্ব বাজার এলাকার মালেক ফকিরের ছেলে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, ১৭ আগস্টের বোমা হামলার ঘটনায় জেএমবি’র সক্রিয় ২৮ জন সদস্যের বিরুদ্ধে ৩ অক্টোবর পুলিশ নিম্নআদালতে চার্জশিট দাখিল করে। এদের মধ্যে তুহিন ও রউফসহ আটজন আসামি পলাতক ছিল।
পলাতক ওই দুই আসামি বুধবার জেলা ও দায়রা জজ এন নরেন্দ্র চন্দ্র দাসের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরসহ কুমিল্লা ও নোয়াখালিতে ১৭ আগস্ট ও ৩ অক্টোবর বোমা হামলায় জড়িত গ্রেপ্তারকৃত জেএমবি আঞ্চলিক কমান্ডার সাইফুল্লাহ গালিবকে জিজ্ঞাসাবাদের জন্য জেআইসিতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গালিব জজকোর্ট, ডিসি অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলায় জড়িত ছিলো।
বিডিনিউজের ফেনী প্রতিনিধি জানান, জেএমবি সদস্য সন্দেহে আটক মাহফুজ বুধবার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে তার স্বীকারোক্তিতে বলেছে, সে মূলত ছাত্র শিবির সমর্থক। বোমা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে মাহফুজ তার জবানবন্দিতে বলেছে সে ও তার সহকর্মী জাবেদ, কামাল উদ্দিন ডিউক, গোফরান, রেদোয়ান, সাব্বির ও অন্য একজন ফেনীতে হামলা চালায়। ১৫ আগস্ট রাতে একটি গোপন সভায় মিলিত হয়ে তারা হামলার পরিকল্পনা করে বলেও মাহফুজ স্বীকার করে।
মাহফুজ জানায় সে একজন শিবির সমর্থক। তার সহকর্মী কামাল উদ্দিন তাকে এ পথে নিয়ে আসে।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, জবানবন্দিতে জিলু মোল্লা তার সহযোগী সাত জনের নাম প্রকাশ করেছে বলে দাবি করলেও তদন্তের স্বার্থে এসব নাম জানাতে রাজি হননি মামলার তদন্ত কর্মকর্তা এস.আই.মোফাজ্জেল।
পুলিশ রিমাণ্ডে টানা ৭ দিন জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে জিল্লুরকে বাগেরহাট ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট সবুর হোসেন তার জবানবন্দি রেকর্ড করেন। গত ২ অক্টোবর পুলিশ তাকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে। ৬ অক্টোবর তাকে বোমা মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমাণ্ডে নেয়া হয়। জিল্লুর রহমান গাড়ফা গ্রামের মৃত বাচেন মোল্লার পুত্র।
জিল্লুর তার জবানবন্দিতে জানিয়েছে, ১৩ আগস্টের সভায় সে সহ আরো ১৫/১৬ জেএমবি সদস্য উপস্থিত ছিলো। জবানবন্দিতে সে বোমা হস্তান্তরকারী হিসাবে জনৈক সাব্বিরের নাম বলেছে। পুলিশ বলছে সাব্বির তার ছদ্ম নাম।
জিল্লুরের সাথে একই দিনে খুলনা ও বাগেরহাট থেকে ধৃত এবং একই দিনে রিমাণ্ডে নেয়া জসিম মোল্লা (২৩), কালিম মোল্লা (৩২) ও ওবায়েদ উল্লাহ (২৭) এর ৮ দিনের রিমাণ্ড আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। তবে এদের কেউ ঘটনার দায় স্বীকার করবে কি না সে ব্যাপারেও তদন্ত কর্মকর্তা কিছু জানাতে রাজি হননি।
