সংস্কারের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠার ওপর জোর দিলেন ড. কামাল
প্রখ্যাত আইনজীবী ও জাতীয় ঐক্যমঞ্চের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের মধ্য দিয়েই জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা সম্ভব।
বুধবার বিডিনিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি কোনও দলীয় সরকার নয়। এটিও একটি জাতীয় সরকার। কেননা, এর সদস্যরা (উপদেষ্টা) রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই মনোনীত হয়ে থাকেন।
তিনি বলেন, প্রথমত বিধান অনুযায়ী একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারেরই অন্তবর্র্তীকালীন জাতীয় সরকার হিসেবে কাজ কারার কথা, দলীয় সরকার হিসেবে নয়। দ্বিতীয়ত, নির্বাচনের পরেও জাতীয় সরকার গঠন করা যায়। সংসদে যারা নির্বাচিত হবেন, তারা দলীয় সরকার হিসেবে নয়; বরং সকল দল মিলে জাতীয় সরকার হিসেবে অভিন্ন কর্মসূচির ভিত্তিতে দেশের জাতীয় সমস্যা; যেমন-জঙ্গিবাদ, সমাধানে একত্রে কাজ করতে পারেন।
এক্ষেত্রে তিনি নেলসন ম্যান্ডেলার নাম উল্লেখ করে বলেন, কিংবদন্তির এই নেতা নির্বাচনে জয় লাভ করার পর তার বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তাদেরকে নিয়েই জাতীয় সরকার গঠন করেছিলেন।
সংস্কার বিষয়ে খ্যাতনামা জুরিস্ট ড. কামাল বলেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন কমিশন সংস্কারের জন্য একটি অর্থপূর্ণ জাতীয় সংলাপের প্রয়োজন। প্রয়োজন হলে সংসদে সংশোধনীর মাধ্যমে সংস্কার করা যায়।
এক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য বাইরের কারও সহযোগিতা প্রয়োজন আছে কি না, জানতে চাইলে ড. কামাল বলেন, বাইরের কারও সহযোগিতারই প্রয়োজন নেই। প্রয়োজন শুধু ব্যাপক গণ জাগরণ, যা সম্ভব গণসংযোগের মাধ্যমে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর এক যৌথ সংবাদ সম্মেলনে বিকল্প ধারার সভাপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী ও ড. কামাল হোসেন বলেছিলেন, সংবিধানের আওতায় একটি জাতীয় সরকার গঠন করা যেতে পারে, যা গুরুতর জাতীয় সমস্যার সমাধানে কাজ করবে। কেননা, সরকার অসহায় প্রমাণিত হয়েছে।
ড. কামাল আরও বলেন, মানুষের জীবন ও সম্পদ এবং জাতীয় নিরাপত্তার প্রতি হুমকিতে যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সংবিধানের ধারা অনুসারে কোনও উদ্যোগ নেওয়া হলে তা গ্রহণযোগ্য হতে পারে। এমনকি সংসদ সদস্যরা চাইলেও এটি করতে পারেন। ড. কামালের এ কথার প্রেক্ষিতে বিকল্প ধারার সভাপতি ড. বদরুদ্দোজা চৌধুরী বলেন, গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায়ে এটি (জাতীয় সরকার) করা হলে আমরা তা মেনে নেব।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে ড. কামাল হোসেন বলেন, আজ তাদের (বিএনপি) নির্বাচনী ইশতেহার মূল্যায়ন করলে গভীর দুঃখের সাথে বলতে হয়, তারা সময় ও সুযোগ নষ্ট করেছে। প্রতিশ্রুতি পালন তো দূরের কথা, রেকর্ড ভঙ্গ করার মতো নজির বিহীন একের পর এক ঘটনা দেশে ঘটেছে।
