জোট সরকার কোনও নিয়মনীতি ছাড়াই বেসরকারি চ্যানেল খুলে মিডিয়া দখলের চেষ্টা করছে
জোট সরকার কোনও নিয়মনীতির তোয়াক্কা না করে একের পর এক বেসরকারী চ্যানেল স্থাপন করে মিডিয়া দখলের চেষ্টা করছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল বুধবার এক বিবৃতিতে একথা বলেন।
বিবৃতিতে তিনি বেসরকারী চ্যানেল একুশে টিভি’র চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, সরকারের সাথে সংশ্লিষ্ট একটি মহল জোরপূর্বক ইটিভির মালিকানা দখল করার চক্রান্তের ধারাবাহিকতায় আব্দুস সালামের বিরুদ্ধে অনৈতিক চাপ প্রয়োগ করছে।
আব্দুস সালামের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, জোট সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে ইটিভির সম্প্রচার বন্ধ করে দেয়। হাইকোর্ট সরকারের এ আদেশ অবৈধ ঘোষণার পরও তারা ইটিভির সম্প্রচার অধিকার ফিরিয়ে দেয়নি। তারপর সরকার সংশ্লিষ্ট একটি মহল ইটিভি দখলের জন্যে চেয়ারম্যানের ওপর চাপ সৃষ্টি করে ব্যর্থ হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের, বাড়ি দখলসহ হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
