ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে ছাত্র শিবিরের ঘাঁটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঘাঁটি গড়ে তুলেছে। অনুসন্ধানে দেখা গেছে, কাঁটাবন থেকে নীলক্ষেত পর্যন্ত বিভিন্ন দোকান শিবির কর্মীদের হাতে চলে গেছে।
শাহবাগ, পরিবাগ, কাঁটাবন, পলাশী, নীলক্ষেত সংলগ্ন এলাকায় অর্ধ শতাধিক বাড়ি ভাড়া নিয়ে শিবির কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। এসব বাসায় সশস্ত্র শিবির কর্মীরা থাকছে। এদের সাথে জঙ্গি ইসলামী সংগঠনের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিবির নেতা-কর্মী এখন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ক্যাডার বলে সূত্র জানিয়েছে।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে ছাত্রদলের একাংশ ও প্রশাসনের সহযোগিতায় শিবির নীরবে কার্যক্রম
চালিয়ে যাচ্ছে। এমনকি ছাত্রদলের বিশ্ববিদ্যালয় ও হল কমিটিগুলোতে গুরুত্বপূর্ণ পদেও শিবির কর্মীরা রয়েছে। রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় দখলের পর একই প্রক্রিয়ায় ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তাদের পরিকল্পনার ছক অনুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হলেই ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েট তাদের দখলে চলে যাবে। এ প্রতিষ্ঠান দু’টিতেও শিবির কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
শিবির ৯ অক্টোবর ইফতার মাহফিলে দাওয়াতের নামে কার্যত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে রাজনীতি করার কৌশল
নেয়। ছাত্রলীগের শিবিরবিরোধী অবস্থানের কারণে তাদের উদ্দেশ্য আপাতত ভণ্ডুল হয়েছে। তবে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করার জন্যে ছাত্রদলের সহযোগিতা চাচ্ছে। শিবির ছাত্রদলের উর্ধ্বতন নেতাদের সাথে যোগাযোগ রাখছে বলে সূত্র জানিয়েছে।
গত এক বছর শিবির ক্যাম্পাসে প্রকাশ্যেই কাজ করছে। প্রশাসনের জামায়াতপন্থী অংশের কাছ থেকে তারা সার্বিক সহযোগিতা পাচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলের প্রভোস্ট হলে শিবিরের কার্যক্রমকে সমর্থন করছেন। শিবির এখন জহুরুল হক, সূর্যসেন, সলিমুল্লাহ, জিয়া ও এফ রহমান হলে বেশ তৎপর। এসব হলে তারা প্রায়ই বৈঠক করে। জানা গেছে, শিবির হলগুলোর ছাদ ও বিশ্ববিদ্যালয় মসজিদে তাদের সংগঠনিক বৈঠক করে থাকে। ফজরের নামাজের পর শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রশিক্ষণও করে থাকে। ডিবেটিং, ইংলিশ ক্লাব-এসব করে শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠনে আনার চেষ্টা করছে।
জানা গেছে, ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব শিবিরের প্রতি বেশ সহনুভূতিশীল। ছাত্রদলের ওপর বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে নির্দেশ রয়েছে শিবিরের সঙ্গে সহাবস্থানে জন্যে। একারণে ছাত্রদলের উদারপন্থী অংশ শিবিরকে সহ্য করে চলছে। ৯ অক্টোবর ছাত্রলীগ-শিবির সংঘর্ষের সময় ছাত্রদল নীরব থেকেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আজিজুল বারী হেলাল শিবিরকে প্রশয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, কোনও ছাত্র সংগঠন পেশী শক্তি দিয়ে ক্যাম্পাস দখল করে নিতে পারবে না।
শিবিরের একটি সূত্র জানিয়েছে, তারা আগামী বছরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসার পরিকল্পনা নিয়ে নেমেছে।
তারা এখন বেশ প্রস্তুত, একারণে সাধারণ ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের নিয়ন্ত্রণে যাওয়ার পর সহিংস পরিবেশ সৃষ্টি হয়। এসব বিশ্ববিদ্যালয়ে শিবিরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দু’দশকে অনেক ছাত্র নিহত হয়েছে। বিঘ্নিত হয়েছে শিক্ষার পরিবেশ।
শিবিরের কার্যক্রম সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠনের সহঅবস্থান চাই। আমি বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি। কোনও ছাত্র সংগঠন প্রশাসন থেকে প্রশয় পায় না।
ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার বলেন, ধর্মের নামে যারা খুন, ধর্ষণ সন্ত্রাস করে তাদের রাজনীতি করার কোনও অধিকার নেই। ছাত্রলীগ শিবিরকে বিন্দুমাত্র ছাড় দেবে না। আমরা ৯ অক্টোবরের মতো সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে নিয়ে শিবিরকে প্রতিহত করবো।
