বিচার বিভাগ পৃথকীকরণ এবং মানবাধিকার কমিশন গঠনে সরকারের ব্যর্থতা স্বীকার করছেন মওদুদ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমদ মঙ্গলবার স্বীকার করেছেন, চার বছরের শাসন আমলে জোট সরকার প্রধান দুটি নির্বাচনী অঙ্গীকার, বিচার বিভাগ পৃথকীকরণ এবং মানবাধিকার কমিশন গঠন করতে ব্যর্থ হয়েছে।
মওদুদ বলেন, আমরা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করতে সুপ্রিম কোর্টের দেয়া নির্দেশ পালনে ব্যর্থ হয়েছি। এছাড়া আজও মানবাধিকার কমিশন গঠন করতে পারিনি। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক আমরা ইতোমধ্যেই বিচার বিভাগীয় সার্ভিস কমিশন গঠন করেছি। এ কমিশন বর্তমানে কাজ করছে এবং নিম্ন আদালতসমূহে বিচার বিভাগীয় কমকর্তাদের নিয়োগ দিচ্ছে। এছাড়াও আমরা মানবাধিকার কমিশন আইনের খসড়া তৈরি করেছি, যা বর্তমানে মন্ত্রী পরিষদ কমিটির বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, আমরা আশাবাদী শিগগিরই বিচার বিভাগ পৃথকীকরণে সরকার সফল হবে।
আইন মন্ত্রণালয়ের চার বছরের সাফল্য ও কর্মযজ্ঞ তুলে ধরতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
আইন মন্ত্রী জানান, সরকার গত চার বছরে ৫৪টি গুরুত্বপূর্ণ আইনসহ ১৩৭টি আইন প্রণয়ন এবং সংশোধন করেছে।
মওদুদ বলেন, দ্রুত বিচার আদালত প্রতিষ্ঠা করে সরকার অভাবনীয় সাফল্য পেয়েছে। এছাড়াও ফৌজদারি দন্ডবিধিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালু, অর্থঋণ আদালত ব্যবস্থার প্রবর্তন, দরিদ্র অভিযোগকারীদের আইন সহায়তা সেবা প্রদান, কারা বিধি সংস্কার এবং তিন পার্বত্য জেলায় দেওয়ানি ও দায়রা জজ কোর্ট চালু করে সরকার এসব সাফল্য অর্জন করেছে।
মওদুদ আরও বলেন, সরকার একটি দুর্নীতি দমন কমিশন গঠন করেছে যা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে স্বাধীন। যে কোনও সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি তদন্তের ক্ষেত্রে তাদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রয়েছে। কমিশনের কর্মকাণ্ডে কারও হস্তক্ষেপ করার অধিকার নেই।
মন্ত্রী আরও বলেন, দ্রুত বিচার আদালত প্রায় দুই বছরে ৭০৯ টি চাঞ্চল্যকর মামলা নিষ্পত্তি করেছে। মামলার রায়ে ৩৬৯ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ৭৮৩ আসামিকে ২০ বছরের কারাদণ্ড ৩২০ জনকে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ২৪৯ জনকে এক তেকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। অন্যদিকে, চার বছরে ২২ আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।
আইনমন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি আইনে ২০০৩ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৭ হাজার ৯৭৪ টি মামলার নিষ্পত্তি করা হয়েছে। চার বছরে সরকার ২২ হাজার মানুষকে আইনী সহায়তা প্রদান করেছে।
ব্যরিস্টার মওদুদ বলেন, প্রস্তাবিত আয়কর ন্যায়পালের মতো সরকার ক্ষেত্র অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করবে।
এক প্রশ্নের জবাবে তিন বলেন, রাজনীতির নামে আদালত প্রাঙ্গনে আইনজীবীরা যে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা দুভার্গ্যজনক। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় আইনজীবীদের আরও দায়িত্বশীল হতে হবে।
তিনি আরও বলেন, সরকারের কোনও ব্যর্থতা নেই। কিন্তু বিরোধী দল বলছে সরকারের কোনও সফলতা নেই।
সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্যরিস্টার শাহজাহান ওমর এবং উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
