২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিবিরের ঢাবি ক্যাম্পাস দখলের পায়তারা ব্যর্থ

বাংলাদেশ ছাত্রলীগ এবং বাম ছাত্র সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের তৎপরতা রুখতে বদ্ধ পরিকর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তারা যে কোনও উপায়ে শিবিরের তৎপরতা নসাৎ করার আহ্বান জানিয়েছে। এসব সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কোনও প্রতিক্রিয়াশীল, উগ্রপন্থী সংগঠনকে ক্যাম্পাসে মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না।

শিবির তাদের তৎপরতা বৃদ্ধির অংশ হিসেবে পরিকল্পিতভাবে ক্যাম্পাসের ভিতরে এবং বাইরে ছড়িয়ে রয়েছে।

সূত্র জানায়, ক্যাম্পাসে ও আশেপাশের এলাকায় শিবিরের প্রকাশ্য তৎপরতা নিয়েই শনিবার ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ইতোমধ্যে শিবির নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিষ্কার করেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএমএ ফায়েজ সাংবাদিকদের বলেন, শিবির ও বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ড একসঙ্গে চলতে পারে না। সংগঠন হিসেবে কখনই তাদের ক্যম্পাসে আত্মপ্রকাশের অনুমতি দেয়া হবে না। ক্যাম্পাসে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাম্পাসে শনিবারের সংঘর্ষের পর জাতীয়তাবাদী ছাত্র দল ঠিক কাদের পক্ষে তা এখনও তারা স্পষ্ট করে নি।

ক্যম্পাসে এখন শিবির, ছাত্রলীগ ও বাম সংগঠন প্রত্যেকেই ছাত্রদলের সমর্থন পেতে চাইছে। ছাত্রলীগ শিবিরের বিপক্ষে দল ভারী করতে ছাত্রদলের সাহায্য চাইছে। অন্যেদিকে শিবিরও চাইছে ছাত্রদল যেন ছাত্রলীগকে সাহায্য না করে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু বিডিনিউজকে বলেন, ছাত্রদল সংঘর্ষের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে কোনও মহল শিক্ষার পরিবেশ নষ্ট করতে চাইলে তারা তাদের প্রতিরোধ করেবে।

ছাত্রলীগের সভাপতি লিয়াকত শিকদার বলেন, ১৯৭৬ সালে শিবিরের রাজনীতি শুরুর পর থেকে টাকা ও ক্ষমতার জোরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু গণতান্ত্রিক ও প্রগতিশীল ছাত্ররা সব সময় তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।