২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলের সঙ্গে যুগপৎ আন্দোলন করবে বিকল্প ধারা, শেখ হাসিনার সঙ্গে মাহী’র বৈঠকে সংস্কার ও ঐক্যবদ্ধ সংগ্রাম নিয়ে আলোচনা

বিকল্প ধারা নেতা মাহী বি. চৌধুরী এমপি জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 07:26 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

ধানমণ্ডির বাসভবন সুধাসদনে প্রায় পৌণে এক ঘন্টার এ বৈঠকে তারা দ্রব্যমূল্য বৃদ্ধি ও আইন শৃংখলার অবনতি, জঙ্গিদের উত্থান, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন ব্যবস্থা সংস্কার, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দাতা দেশ ও গোষ্ঠীর ‘লজিস্টিক সাপোর্ট’ এবং সরকার বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মাহী চৌধুরী আওয়ামী লীগ প্রধানকে জানিয়েছেন, ১৪ দলের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিকল্প ধারা যুগপৎ ধারায় কর্মসূচি পালন করবে।

বৈঠক শেষে মাহী বি চৌধুরী বিডিনিউজকে জানান, আগামী ১৮ অক্টোবর বিকল্প ধারা’র ইফতার মাহফিলের দাওয়াত করতেই তিনি মূলত সুধাসদনে গিয়েছিলেন।

তবে বিরোধী দলীয় নেতার সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিকল্প ধারা নেতাদের কথা হয়েছে বলে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বিডিনিউজকে জানান।

মাহী জানান, জোট সরকার যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না, এটা ষ্পষ্ট হয়ে গেছে। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংস্কার প্রস্তাব এখন বড় একটি ইস্যু। এ ব্যাপারে ১৪ দল ও বিকল্প ধারার প্রস্তাবের মধ্যে কোন কোন বিষয়ে মিল রয়েছে এবং কোনটি নেই, সেগুলোর গুরুত্ব কী-এ নিয়ে আমরা আলোচনা করেছি।

তিনি বলেন, নির্বাচন ব্যবস্থা আধুনিক ও স্বচ্ছ নিরপেক্ষ করতে টুয়েসডে গ্রুপসহ দাতা দেশ ও গোষ্ঠীর প্রস্তাবিত স্বচ্ছ ব্যালট বাক্সসহ অন্যান্য লজিস্টিক সাপোর্ট নিয়েও আমরা কথা বলেছি। তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে সহযোগিতার ক্ষেত্রে আমাদের আন্তর্জাতিক সুসম্পর্ক থাকা দরকার।

বৈঠকে হরতালসহ আন্দোলন কৌশল নিয়েও আলোচনা হয়। মাহী চেীধুরী শেখ হাসিনাকে জানিয়েছেন, আওয়ামী লীগের সঙ্গে বিকল্প ধারার আন্দোলন কর্মসূচির ক্ষেত্রে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। তারা প্রতিনিয়ত হরতালের পক্ষে নন। বরং অহিংস কর্মসূচির ব্যাপারেই তাদের আগ্রহ বেশি। তবে জোট সরকারের পতন নিশ্চিত করতে চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি হিসেবে পরিস্থিতির আলোকে পতন না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা যেতে পারে।

তিনি আরও জানান, তারা ১৪ দলের সরকার বিরোধী আন্দোলনের সঙ্গে যুগপৎ কর্মসূচি পালন করবে। দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলোর একটি বৃহৎ জোটের জন্য বিকল্প ধারা কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বিকল্প ধারার যুগ্ন মহাসচিব ফিরোজ এম হাসানও বৈঠকে উপস্থিত ছিলেন।