২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নে সরকার ও বিরোধী দল একমত

তথ্য-অধিকার নিশ্চিত করতে নতুন আইন প্রণয়নে সরকার ও বিরোধী দলের শীর্ষস্থানীয় নেতা ও আইন প্রণেতারা একমত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2005, 07:22 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

তারা বলেছেন, তথ্য জানার অধিকার জনগণের মানবাধিকার ও সার্বজনীন অর্ধিকার। সবার জন্য এ অধিকার নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে ‘সবার জন্য তথ্য জানার অধিকার নিশ্চিত করতে আইন প্রণেতাদের ভূমিকা’ শীর্ষক জাতীয় সংলাপে রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ ব্যাপারে একমত পোষণ করেন।

অনুষ্ঠানে দুপক্ষই অবাধ তথ্য প্রবাহে প্রতিবন্ধকতা হিসেবে বর্তমান তিনটি আইন বাতিল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ও মানুষের জন্য (এমজে) নামক বেসরকারি সংস্থা যৌথভাবে এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব ও মডারেটরের দায়িত্ব পালন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন এপিপিজি’র চেয়ারপার্সন সাংসদ আবু হেনা। আলোচ্যসূচির ওপর আলোচনার সূচনা করেন মানুষের জন্য’র সানজিদা সোবহান ও এপিপিজি’র সচিব শিশির শীল।

আলোচনায় অংশ নেন স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ, তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, আওয়ামী লীগের সাংসদ অ্যাডভোকেট রহমত আলী, ডা. এম আমানুল্লাহ ও ফারুক খান, বিএনপির সাংসদ রশিদুজ্জামান মিল্লাত ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় পার্টির সাংসদ গোলাম মোহাম্মদ কাদের, জামায়াতে ইসলামীর সাংসদ শাহ রুহুল কুদ্দুস, অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন, অর্থনীতিবিদ ড. আতিউর রহমান প্রমুখ।

স্থানীয় সরকার মন্ত্রী মান্নান ভূঁইয়া রাজনৈতিক দলগুলোর প্রতি ‘বিকৃত রাজনীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কিছু কিছু দল নির্বাচনের পর নির্বাচনী প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করে তুলছে। তারা নির্বাচনে জিতলে বলে, নির্বাচন ঠিক হয়েছে; আর পরাজিত হলে বলে, নির্বাচনে স্থুল কারচুপি হয়েছে।

তিনি বলেন, এ ধরণের বিকৃত রাজনীতি পরিহার করতে হবে। সব দলকে সংসদে এসে কথা বলতে হবে। সংসদে কথা বলতে না দিলে সেখানেই তাদের অধিকার আদায় করতে হবে।

তিনি তথ্য প্রবাহ অবাধ করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, জনগণের জন্য তথ্য প্রবাহ অবাধ করতে আইনের সংস্কার হওয়া প্রয়োজন। কিছু কিছু বিষয় রয়েছে, যা গোপণীয় থাকা দরকার। এসব বিষয় চিহ্নিত করে অন্য বিষয়গুলো জনগণের জন্য অবাধ করে দিলে জনগণ এগুলো সম্পর্কে সচেতন হবে। এতে প্রশাসনে দুর্নীতি কমবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরে আসবে।

ড. কামাল হোসেন বলেন, শুধু আইন করলেই চলবে না, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার ও বিরোধী দলের মধ্যে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিনি সংসদের নির্দেশ অমান্যকারি কর্মকর্তাদের শাস্তির দাবি জানিয়ে বলেন, সংসদের নির্দেশ মানতে সকল কর্মকর্তা বাধ্য। কোনো কর্মকর্তা তথ্য দিতে গড়িমসি করলে বা সংসদের নির্দেশ না মানলে শাস্তি দেওয়া যেতে পারে। এটি একটি সাংবিধানিক অধিকার।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইন প্রণয়নের পাশাপাশি আইন মেনে চলার মানসিকতাও গড়ে তুলতে হবে। শুধু আইন প্রণয়ন করলেই চলবে না। দেশের প্রতিটি স্তরে আইন না মানার ও অশ্রদ্ধা প্রদর্শণের একটি প্রবণতা রয়েছে।