বিচার বিভাগ পৃথকীকরণে চার বছরে জোট সরকারের অগ্রগতি সামান্য
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণে চার বছরের শাসনামলে জোট সরকারের অগ্রগতি সামান্যই। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনা ছিলো।
গত নির্বাচনে বিচার বিভাগ পৃথকীকরণ ছিল বিএনপির অন্যতম নির্বাচনী ইস্তেহার। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নে সরকার কোনও অগ্রগতি সাধন করতে পারেনি।
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ বিষয়ক মন্ত্রিপরিষদ কমিটি এক বছরের বেশি সময় ধরে কোনও বৈঠক করছে না।
এছাড়া কয়েকজন আমলার বিরুদ্ধে মামলার রায়কে প্রভাবিত করার অভিযোগও পাওয়া গেছে।
সূত্র জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশনা বাস্তবায়নের জন্যে সরকার গত বছর বিচার বিভাগীয় সার্ভিস কমিশন গঠন করে।
সরকারের বিরুদ্ধে মাসদার হোসেনের দায়ের করা মামলা পরিচালনাকারী আইনজীবীরা বলেন, জোট সরকার তাদের শাসনামলের পরবর্তী বছরেও নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করবে না।
মাসদার হোসেন মামলার মধ্যস্থতাকারী ব্যারিস্টার এম আমির-উল ইসলাম শনিবার বিডিনিউজকে বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিরুদ্ধে সরকার ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের ব্যাপারে সরকার কোনও অগ্রগতি সাধন করেনি। সরকারের শাসন ব্যবস্থা সাজানো হয়েছে সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশনার বিপক্ষে।
তিনি আরও বলেন, বিচার বিভাগ পৃথকীকরণের পর তা কোন মন্ত্রণালয়ের অধীনে থাকবে তা নিয়েই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পূর্ত মন্ত্রণালয় ঠেলাঠেলি করছে।
মাসদার হোসেনের দায়ের করা নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত মামলায় হাইকোর্ট ১৯৯৯ সালের ২ ডিসেম্বর সরকারের প্রতি ১২ দফা নির্দেশ দিয়ে একটি ঐতিহাসিক রায় প্রদান করেন। পরে আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় বহাল রাখেন।
বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের নির্দেশ পূরণ করতে সাবেক আওয়ামী লীগ সরকার, তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ও ক্ষমতাসীন চার দলীয় জোট সরকার মোট ২০ বার সময় বাড়িয়েছে।
ক্ষমতায় আসার পর বর্তমান চার দলীয় জোট চার বছরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার জন্য ১২ বার সময় বাড়িয়েছে।
আদালতের নির্দেশ বাস্তবায়নে সরকারের গাফিলতির কারণে আপিল বিভাগ বারবার তাদের অসন্তোষ প্রকাশ করেছে।
আপিল বিভাগের নির্দেশ মোতাবেক খসড়া আইনের ওপর সরকার যথাযথ কাগজপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় আদালত চলতি বছরের ফেব্রুয়ারির ২৬ তারিখে শুনানি চলাকালে সরকারকে ভর্ৎসনা করে।
আদালতের ভাষ্য, আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য সরকার বর্ধিত সময় চাওয়ার পরও প্রায় ছয়মাস পার হয়ে গেছে। সরকারের সময়সীমা বৃদ্ধি করার উদ্দেশ্য পূরণ হয়েছে। আমরা কোনও মিথ্যার অংশ হতে চাই না। একটি মিথ্যার কারণে আরও মিথৗার সৃষ্টি হয় বিধায় আমরা কোনও মিথ্যা সহ্য করব না।
অক্টোবরের ১৭ তারিখে আদালতের নির্দেশ বাস্তবায়নের জন্য সরকারের অগ্রগতি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হবে।
এপ্রিলের ১৬ তারিখ আপিল বিভাগ বিচার বিভাগ পৃথকীকরণ সংক্রান্ত সুপ্রিম কোর্টের ১২ দফা নির্দেশ বাস্তবায়নের জন্য ছয়মাস সময় প্রদান করে এবং অক্টোবরের ১৭ তারিখে সরকারের অগ্রগতি নিয়ে শুনানির দিন ধার্য করে।
এছাড়াও সুপ্রিম কোর্ট গত বছরের ২৯ নভেম্বর মাজদার হোসেন বনাম বাংলাদেশ মামলার রায় লংঘনের দায়ে নয় কর্মকর্তার ওপর আদালত অবমাননা রুল ইস্যু করেন। ওই রায়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশ দেয়া হয়েছিল।
রায় অবমাননার দায়ে আপিল বিভাগের পূর্ন বেঞ্চ ওই নয় কর্মকর্তাকে আদালতের সামনে হাতজোড় করে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেয়।
অভিযুক্ত নয় কর্মকর্তা হলেন-সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লোকমান হাকিম, বদরুল আলম তরফদার এবং মো. আব্দুর রব হাওলাদার, মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল কালাম আজাদ চৌধুরী এবং সিনিয়র সহকারি সচিব মো. খলিলুর রহমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব শফিকুল ইসলাম তালুকদার এবং মন্ত্রণালয়ের সিনয়র সহকারি সচিব মো. হারুনর রশীদ, কেবিনেট ডিভিশন ও অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. ফজলুল হক এবং একেএম মোতালেব হোসেন।
