চার বছরে নারীর ক্ষমতায়নে কোনও কাজ হয়নি : নারী নেত্রীদের অভিযোগ
দেশের নারী নেত্রীরা অভিযোগ করেছেন, বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শাসনামলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হয়নি।
তাদের অভিযোগ, সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচনের পরিবর্তে দলীয় সাংসদদের দিয়ে নির্বাচনের ব্যবস্থা করেছে। এতে নারী নেতৃত্বের বিকাশ নয়, বরং দলীয় আনুকূল্যই প্রতিফলিত হয়েছে। এ কারণে সকল মহিলা সাংসদই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নারী আন্দোলনের অন্যতম নেত্রী আয়শা খানম, ফরিদা আক্তার, মেঘনা গুহঠাকুরতা, সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরী বিডিনিউজ-এর কাছে আগের সরকার আমলে গৃহীত কয়েকটি প্রকল্প বাতিলেরও অভিযোগ করেন।
সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়নে কোনও কাজ করেনি। এমনকি আওয়ামী লীগ শাসনামলে নেয়া বেশ কয়েকটি প্রকল্পও তারা বাতিল করেছে।
তিনি বলেন, নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি উপেক্ষিত হয়েছে। বর্তমান পদ্ধতির নির্বাচনে দল না করলে কেউ সাংসদ হতে পারবে না। অথচ নারী সংগঠনগুলো সংসদের এক তৃতীয়াংশ আসন নারীদের জন্য সংরক্ষনের দাবি করেছিল। আওয়ামী লীগ সরকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনে এক তৃতীয়াংশ আসনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছিল।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা আয়েশা খানম বলেন, বর্তমান সরকার নারী উন্নয়ন বিমূখ কাজ করছে। নারীর অধিকার সংক্রান্ত ১৯৯৭ সালে প্রণীত নারী অধিকার, সম্পত্তির অধিকার, জাতীয় সম-অংশীদারিত্বের আইন বাতিল করেছে। বেইজিং প্লাস সম্মেলনে ‘প্রশাসনে ৩০ থেকে ৩৩ শতাংশ নারীর সুযোগ’ দেওয়ার ঘোষণা বাস্তবায়ন করা হয়নি। নারী নির্যাতন আইন সংশোধন করা হলেও নির্যাতন কমেনি। সরকার নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, উপবৃত্তি দিয়ে স্কুলে ভর্তির সংখ্যা বাড়লেও তারা ঝরে পড়ছে। গৃহ-পরিচারিকা হিসেবে বিদেশে নারীদের পাঠানো হচ্ছে। সেখানে তারা যৌন নির্যাতনের স্বীকার হচ্ছে, সরকার তাদের নিরাপত্তা দিচ্ছে না। বিদেশে নারী যাবে সম্মানজনক কোন পেশায়, পরিচারিকা হিসেবে কেনো?
তিনি সংরক্ষিত আসনে নির্বাচন পদ্ধতির সমালোচনা করে বলেন, সংরক্ষিত আসন ৩০ থেকে ৪৫ করা হলেও নারীর ক্ষমতায়ন হয়নি। জনগণের কাছে না গিয়ে তারা মন্ত্রী আর সাংসদদের পেছনে দৌঁড়ে এমপি হয়েছেন। এদের দিয়ে নারীর প্রকৃত ক্ষমতায়ন হবে না।
উবিনীগের ফরিদা আক্তার বলেন, নারীর উন্নয়নে কোন সরকারের আমলেই কোন কাজ হয়নি। এ সরকারের চার বছরেও হয়নি। সিডও সনদ স্বাক্ষর হলেও এ সরকার তা বাস্তবায়ন করেনি। মহিলা আসনে যেভাবে নির্বাচন করা হয়েছে তাতে নারীদের আরো ক্ষমতাহীন করা হয়েছে। তাদের হাত পা বেধে বসানো হয়েছে সংসদে। তারা কোন কথা বলতেও পারবে না আবার কোন সুযোগ সুবিধাও পাবে না।
বিশ্ববিদ্যালয় শিক্ষক মেঘনা গুহঠাকুরতা বলেন, নারীর প্রতিনিধিত্ব ও ক্ষমতায়ন নির্ভর করে নারী প্রতিনিধিরা কতটুকু জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। পরোক্ষ নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তে প্রত্যক্ষ নির্বাচনই নারীর ক্ষমতাকে সুসংহত করবে। এতে গণতান্ত্রিক মূল্যবোধও প্রসারিত হবে।
সংরক্ষিত আসনের বদলে সরাসরি নারীর জন্য ২০ থেকে ৩০ শতাংশ আসন প্রতিটি রাজনৈতিক দল বরাদ্দ করলে এ অবস্থার উন্নতি হবে বলে তিনি মত প্রকাশ করেন।
তবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বর্তমান সরকার আমলে গৃহীত বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করে নারীর ক্ষমতায়নে সাফল্যের দাবি করেন। তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। সংরক্ষিত মহিলা আসন বাড়িয়ে ৩০ থেকে ৪৫ করেছে।
নারী নেত্রীদের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী সেলিমা রহমান বলেন, সরকারের চার বছরে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সকল ক্ষেত্রে নারীর উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। নারী নির্যাতন আইন সংশোধন করা হয়েছে। দ্রুত বিচার আইন, নারী ও শিশুদের অধিকার সংরক্ষণে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়নে কাক্সিক্ষত লক্ষ্য অর্জনের কাছাকাছি চলে এসেছে। তৃণমূল পর্যায়ে নারীর নেতৃত্ব এসেছে। যা সরাসরি নির্বাচনের পথ প্রশস্ত করেছে। তবে সংরক্ষিত আসনের পরিবর্তে সংসদে সরাসরি নির্বাচনের জন্য ২০ শতাংশ হারে নারীদের মনোনয়ন দেওয়া যেতে পারে। এতে নারীর অধিকার আরো সংরক্ষিত ও সুসংহত হবে।
