রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ, রিলিফের চাল ৪ টাকা দরে বেচে ধোঁকা দিচ্ছে সরকার : শেখ হাসিনা
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসে ঘন্টায় ঘন্টায় দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে রোজাদার মুসলমানসহ দেশবাসীর অসহনীয় দুর্ভোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বিএনপি জামাত জোট সরকারের মুনাফালোভী মানসিকতাই এই অসহনীয় মূল্যবৃদ্ধির জন্য দায়ী।
তিনি শুক্রবার এক বিবৃতিতে বলেন, চালের দাম কমাতে ব্যর্থ জোট সরকার মানুষকে ধোঁকা দিতে বিনা মূল্যে বিতরণের জন্য রক্ষিত রিলিফের চাল চার টাকা কেজি দরে বিক্রি করছে। আর সেখানেও চলছে সরকারি দলের ক্যাডারদের দুর্র্নীতি।
শেখ হাসিনা বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে দেশ ও মানুষের কোন মঙ্গল হবে না।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দল মত নির্বিশেষে জোট সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনকে তীব্রতর করে সরকারকে বিতাড়িত করতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, সংযমের মাস রমজানে সাধারণ ভাবেই মানুষ আশা করে, অন্তত এই মাসের সম্মান রক্ষার্থে ও গরিব মানুষের দিকে তাকিয়ে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেবে। কিন্তু বিএনপি জামাত জোট সরকারের আমলে প্রতিটি রমজান মাস দ্রব্যমূল্য বৃদ্ধির মাসে পরিনত হয়েছে। আর এ বছর সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে। কারণ সরকার নিজেই ব্যবসায়ীতে পরিনত হয়েছে।
তিনি বলেন, জেট সরকারের ব্যবসায়ী মন্ত্রী এবং ক্ষমতাসীনদের চাঁদাবাজির নেটওয়ার্ক পরিস্থিতিকে এতোটাই ভয়াবহ করেছে যে, মানুষ কচু-ঘেচু খেয়ে সেহরি ও ইফতার করতে বাধ্য হচ্ছে। ক্ষুধার জ্বালায় আত্মহত্যা করছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার আমলে জনগণের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ আমলে রোজার মাসে চালের দাম ছিল ১০ টাকা কেজি। আজ ২০ টাকা কেজি। অথচ মানুষের আয় বাড়েনি।
বিরোধী দলীয় নেতা বলেন, জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে এরা নিজেদের পকেট ভারি করছে। সরকারের মন্ত্রী এমপিদের কাছে এতো বেশি কালো টাকা যে, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের কষ্ট তারা বুঝতে পারে না।
