জেএমবি: পাবনায় আত্মঘাতি হামলায় আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, ঢাকায় আবু তালেব ৭ দিনের রিমান্ডে, ঠাকুরগাঁওয়ে গ্রেফতার ১
পাবনার অর্থঋণ আদালতের বিচারককে সপরিবারে হত্যা ও আত্মঘাতি বোমা হামলা চালিয়ে আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি), জনযুদ্ধ ও বাংলাভাইয়ের সমর্থকরা। এর আগে প্রেসক্লাবসহ ৮টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিলো।
এদিকে ঢাকায় জেএমবি সদস্য সন্দেহে আটক জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মকর্তা আবু তালেব ওরফে বাবুল আনসারীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে আরও একজন জেএমবি সদস্যকের গ্রেপ্তার করেছে পুলিশ।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, অর্থঋণ আদালতের বিচারক মফিজুল ইসলামকে স্বপরিবারে হত্যার হুমকির পর শহরে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়েছে।
পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন চিঠির সত্যতা স্বীকার করে বলেন, জজকোট, জজের বাসা, জেলা প্রশাসক অফিস, এসপি অফিস, সড়ক ও জনপথ অফিস, সিভিল সার্জন, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মফিজুল ইসলাম নিজেও চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার বাংলা ভাই, জামা’আতুল মুজাহেদীন ইউনিট ও পাবনা জনযুদ্ধের নামে এই হুমকি দেওয়া হয়।
হাতে লেখা এই কথিত চিঠিতে একযোগে পাবনায় ১৭ আগস্টের বোমা হামলার কারণ ব্যাখ্যা করে বলা হয়, “অর্থঋণ আদালত, ব্যাংক, এনজিও, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন দূর্নীতির মাধ্যমে মানুষকে দেউলিয়া করেছে। এক তরফা রায় দিয়ে জমি নিলামে তুলে ঋণ গ্রহীতাদের মান সম্মান নষ্ট করছে।”
এদিকে এ চিঠি পাওয়ার পর জজ ও আইনজীবিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকায় জেএমবি সদস্য সন্দেহে আটক জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মকর্তা আবু তালেব ওরফে বাবুল আনসারিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ডিবি সূত্র জানায়, ঝিনাইদহে গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য রিংকু এবং ঢাকায় গ্রেপ্তারকৃত সেনা সদস্য হারুনের স্বীকারোক্তি মোতাবেক ডিবি পুলিশ সোমবার রাতে বিল্লালকে গ্রীনরোডের স্টাফ কোয়ার্টার থেকে গ্রেপ্তার করে। তার বাড়ি গাইবান্ধা জেলার সদর থানার ব্রিজ রোডে।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত হারুণের তথ্যমতে তালেব জেএমবি’র বোমা বানানো দলের সদস্য।
গ্রেপ্তারকৃত তালেবের স্ত্রী রানু আনসারি জানান, সোমবার গভীর রাতে ডিবি পুলিশের আনুমানিক ৩০ জনের একটি দল তার বাসায় আসে। তারা বিল্লালকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায়।
রানু তার স্বামীর জেএমবি’র সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেন।
তিনি আরও জানান, সংসদ অধিবেশন চলাকালে গত ৮-২৯ আগস্ট বিল্লাল সংসদ ভবনে দায়িত্বরত ছিলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতোকোত্তর বিল্লাল ১৭ বছর যাবত এই চাকরিতে রয়েছে। ৩ ভাই ২ বোনের মধ্যে সে বড়।
বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, জেলার রত্নাই কাশিডাঙ্গা গ্রাম থেকে মৃত আবদুল লতিফের ছেলে জেএমবি সদস্য মতিয়ুর রহমানকে গ্রেপ্তার করেছে বালিয়াডাঙ্গী পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
