বরগুনায় র্যাবের হাতে আটক যুবদল নেতা ‘টিউবওয়েল ছগির’ জেল হাজতে
বরগুনায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে র্যাবের হাতে আটক যুবদল নেতা আতিকুর রহমান ছগির ওরফে টিউবওয়েল ছগিরকে শুক্রবার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কারাগার থেকে মুক্তি পাওয়ার এক মাসের মধ্যে ছিনতাইয়ের অভিযোগে বৃহস্পতিবার রাতে বরগুনা সোনিয়া সিনেমা হলের পাশের রাস্তা থেকে ফের তাকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লা এন্টারপ্রাইজ বাস সার্ভিসের মালিক বাবুল মোল্লা বাদী হয়ে ছগিরের বিরুদ্ধে নগদ ১০ হাজার ৩২০ টাকা, স্বর্ণের চেইন, ঘড়িসহ প্রায় ৩৩ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগে ছগিরসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের এক ঘন্টার মধ্যে র্যাব সদস্যরা ছগিরকে গ্রেপ্তার করে।
পুলিশ লাইনে র্যাব সদস্যরা তাদের অস্থায়ী ক্যাম্পে ছগিরকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এরপর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
এর আগে গত ১৬ জুলাই চাঁদাবাজির অভিযোগে ছগিরকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় এক মাস পূর্বে সে কারগার থেকে মুক্তি পায়।
