২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নানকে গ্রেপ্তারের ৫ দিন পরও তার পৃষ্ঠপোষক শাকিলকে গ্রেপ্তার হয়নি

হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)’র নেতা মুফতি হান্নানকে গ্রেপ্তারের পাঁচদিন পরও তার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক পলাতক শাকিলকে গ্রেপ্তার করতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বিশেষ করে বাণিজ্যমন্ত্রী এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ চৌধুরীর সাথে শাকিলের সম্পর্কের খবরে বিব্রতকর অবস্থায় পড়েছে র‌্যাব, এলিট বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বিডিনিউজকে এ তথ্য জানায়।

‘শাকিলকে গ্রেপ্তার করা গেলে পুরো রহস্যের জট খুলে যাবে। আর এ ক্ষেত্রে জঙ্গি হান্নানের সাথে জোট সরকারের ঘনিষ্ঠতার বিষয়টিও স্পষ্ট হবে, এমন আশঙ্কায় উপর মহল থেকে চাপে রাখা হয়েছে র‌্যাবকে,’ সূত্রটি জানায়।

মুফতি হান্নানের ঘনিষ্ঠ এক আত্মীয় বিডিনিউজকে জানায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর ভাগ্নে পরিচয়দানকারী শাকিল বিভিন্ন সময়ে হান্নানকে অর্থ যোগান দিতো। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মার্সি পিটিশন’ দাখিল প্রক্রিয়ায় সে লিয়াজোঁ’র ভূমিকাও পালন করেছিল।

এদিকে গ্রেপ্তার হওয়ার পর হান্নান সাংবাদিকদের বলেছিলো, মাসিক মদিনা সম্পাদক মহিউদ্দিন আহমদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর সাথে দেখা করে সে ’মার্সি পিটিশন’ দাখিল করেছিলো। অবশ্য বর্তমান বাণিজ্যমন্ত্রী ও মদিনা সম্পাদক হান্নানের বক্তব্যের বিরোধিতা করেন।

র‌্যাবের একটি সূত্র জানায়, শাকিল একটি ইসলামী এনজিও’র মাধ্যমে এ টাকা সংগ্রহ করে ফেরারি আফগান-যুদ্ধ ফেরত হরকাতুল জেহাদের সদস্যদের সরবরাহ করতো।

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সুপার মার্কেটে শাকিল ও মুফতি হান্নানের ভাই মুন্সী আনিস্জ্জুামানের যৌথমালিকানাধীন দুটি দোকান রয়েছে। মার্কেটের নিচতলা এবং চতুর্থতলায় দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করছেন বলে মার্কেটের একাধিক সূত্র জানায়।

গোপালগঞ্জ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার দু’দিন আগে (২১ সেপ্টেম্বর) বিডিনিউজ-এর এই প্রতিবেদকের সাথে বসুন্ধরা সুপার মার্কেটের নিচ তলায় কথা হয় মুন্সী আনিসের। এসময় তার পাশে দাঁড়ানো ছিলো শাকিল।

মার্কেটের একজন নিরাপত্তা কর্মকর্তা বিডিনিউজকে জানিয়েছিলো, শাকিল ও আনিস যৌথভাবে ওই মার্কেটে ব্যবসা করছে।

মুন্সী আনিসকে ২৩ সেপ্টেম্বর গোপালগঞ্জ পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে র‌্যাব হেফাজতে নিয়ে আসা হয়। আনিস গ্রেপ্তার হওয়ার পর থেকেই শাকিল পলাতক রয়েছে।

র‌্যাবের দল ১ অক্টোবর মুফতি হান্নান এবং তার ভাই মহিবুল্লা মফিজকে গ্রেপ্তার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারাও শাকিলের ব্যাপারে র‌্যাবকে জানিয়েছিলো।