২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলাসহ জঙ্গি তৎপরতায় জড়িত নই: সংবাদ সম্মেলনে রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটি

‘শহীদ নসরুল্লাহ ব্রিগেড আল আরাফাহ-যার নামে গঠন করা হয়েছে, সেই নসরুল্লাহ ছিল আমার ভাতিজা। তবে নসরুল্লাহ যখন পঞ্চম শ্রেণীতে পড়তো, তখন আমি দেশের বাইরে চলে যাই। তারপর থেকে তার সাথে আমার কোনও যোগাযোগ ছিলনা।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

বাংলাদেশে কাজ করা কুয়েতভিত্তিক এনজিও রিভাইভাল অব ইসলামিক হেরিটেজ সোসাইটির (আরআইএইচএস) অন্যতম কর্মকর্তা আকরামুজ্জামান বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

দেশব্যাপী সিরিজ বোমা হামলাসহ জঙ্গি তৎপরতায় আরআইএইচএস-এর অর্থায়ন এবং সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে বিভিন্ন সংবাদপত্রে রিপোর্ট প্রকাশ হওয়ার প্রতিবাদে তারা এ সম্মেলন আয়োজন করেন।

চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা সদরে ৩ অক্টোবর দুপুরে প্রায় একই সময়ে পাঁচটি শক্তিশালী বোমা হামলায় ‘শহীদ নসরুল্লাহ ব্রিগেড আল আরাফাহ’ জড়িত ছিল বলে গ্রেপ্তারকৃতদের জবানবন্দি থেকে জানা যায়। ওই হামলায় দুজন নিহত এবং ২৩ জন আহত হয়।

ঠাকুরগাঁও জেলার হরিপুর গ্রামের ওয়াজিউল্লাহর পুত্র নসরুল্লাহ ২০০৩ সালে রাঙ্গামাটির একটি আবাসিক হোটেলে বোমা বানানোর সময় নিহত হন।

আরআইএইচএস’র নেতৃবৃন্দ ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা এবং ৩ অক্টোবর তিনটি জেলায় বোমা হামলায় তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেন।

এছাড়া শহীদ নসরুল্লাহ ব্রিগেড আল আরাফাহ’র সাথেও তাদের কোনও সম্পর্ক নেই বলেও তারা দাবি করেন।

সম্মেলনে আরআইএইচএস এর কান্ট্রি ডিরেক্টর সাজলি রিফাত ওসমান মোহাম্মদ, সহকারী কান্ট্রি ডিরেক্টর জাফর মুসা, ডাক্তার জিয়া এবং আবদুল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

‘যারা বোমাবাজি করে তারা ইসলামের শত্রু। তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। এ ধরনের কর্মকাণ্ডে আমরা কাউকে অর্থায়ন বা উৎসাহিত করিনি,’ সাজলি রিফাত বলেন।

তিনি বলেন, যারা বোমা হামলার সঙ্গে জড়িত, তাদের শিক্ষাদানের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। কেউ যদি সঠিক পথে না ফিরে সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে তাদের প্রাপ্য শাস্তির ব্যবস্থা করতে হবে।

তারা অভিযোগ করেন, দেশের পত্রিকায় আরআইএইচএস এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপা হচ্ছে। তবে তারা কোনও পত্রিকার নাম উল্লেখ করেননি।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, কালো তালিকাভুক্ত করার কারণে নয় বরং নিরাপত্তাজনিত কারণে বিশ্বের কয়েকটি দেশে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়া হয়েছে।

আরআইএইচএস বাংলাদেশে ১৯৯৬ সালে এনজিও বিষয়ক ব্যুরোর আওতায় নিবন্ধন লাভ করে কাজ শুরু করে। বর্তমানে বিশ্বের ২০টিরও বেশি দেশে বিশেষ করে এশিয়া ও আফ্রিকা মহাদেশে তাদের কার্যক্রম চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মকর্তারা জানান, সংস্থাটি বিভিন্ন ইয়াতিমখানা ও মাদ্রাসার মাধ্যমে শুধু বাংলাদেশেই ১,০৫৩ জন ইয়াতিম ছাত্র-ছাত্রীদের সেবা দিয়ে আসছে। এছাড়া ভোকেশনাল প্রশিক্ষণসহ শিক্ষাÍস্বাস্থ্যসহ তাদের আরো বেশ কিছু প্রকল্প রয়েছে।