২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সরকার বাংলাদেশের ওপর কোন ধরনের ‘রাজনৈতিক মুরুব্বিয়ানা’ মেনে নেবে না: মোরশেদ খান

পররাষ্ট্র মন্ত্রী এম. মোরশেদ খান সোমবার বলেছেন বিএনপি সরকার বাংলাদেশের ওপর কোন ধরনের ‘রাজনৈতিক মুরুব্বিয়ানা’ মেনে নেবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 09:10 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি যতদিন ক্ষমতায় আছে, ততদিন আমাদের ওপর কোন ধরনের রাজনৈতিক মুরুব্বিয়ানা ফলানো আমরা মেনে নেবো না। বিদেশি কূটনীতিকদের অনানুষ্ঠানিক সংগঠন ‘টুয়েসডে গ্রুপ’ এর আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা স্থগিত হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মোরশেদ খান বলেন, আমার কখনও কোন টুয়েসডে গ্রুপ কিংবা মানডে গ্রুপের সাথে দেখা করিনি। দেশের রাজনৈতিক দলগুলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করা কূটনৈতিকদের একটি দায়িত্ব। সে মোতাবেক তারা নিজ নিজ দেশে খবর পাঠান।

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আন্তর্জাতিক মানের ও সবোৎকৃষ্ট পন্থা অবলম্বনের ক্ষেত্রে সহায়তা প্রদানের উদ্দেশ্যে টুয়েসডে গ্রুপ ২০০৬ সালের জানুয়ারি মাসের ২২-২৩ তারিখে ঢাকায় এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করেছিল। কিন্তু এ উদ্যোগকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপ উল্লেখ করেন বাংলাদেশ সরকার তা নাকচ করে দেয়।

পরে এক ফ্যাক্সে বার্তায় টুয়েসডে গ্রুপ জানায়, তারা যে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পদক্ষেপ নিয়েছিল, বর্তমান পরিস্থিতি বিবেচনায় তা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে যেকোনও সুবিধাজনক সময়ে এ সম্মেলন আয়োজন করা হবে।

আন্তর্জাতিক এ সম্মেলন আয়োজনের ব্যাপারে সরকার অনুমতি না দেওয়ায় টুয়েসডে গ্রুপ এর চেয়ারম্যান ও কানাডিয়ান হাইকমিশনার ডেভিড স্প্রাউল ক্ষোভ প্রকাশ করেন বলেন, প্রায় সকল উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রস্তাবিত এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য রাষ্ট্রে নির্বাচন সংক্রান্ত ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরার এবং তা বিনিময় করার চমৎকার সুযোগ হতে পারে।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, নেদারল্যান্ড, নরওয়ে, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও হাই কমিশনার এবং ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত ও জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর নিয়ে টুয়েসডে গ্রুপ গঠিত।