আদালতে বোমা হামলার ঘটনায় সরকারের একটি অংশ জড়িত: শেখ হাসিনা
জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের তিনটি জেলার আদালতে বোমা হামলার ঘটনায় সরকারের একটি অংশ জড়িত বলে অভিযোগ করেছেন।
সোমবার এক বিবৃতিতে তিনি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারের একটি অংশের সুস্পষ্ট মদদ ও পরিকল্পনা ছাড়া সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকা সত্বেও আদালত চলাকালে এ ধরণের বোমা হামলা কোনোভাবেই হতে পারে না। এ বর্বরোচিত বোমা হামলার জন্য বিএনপি-জামাত জোট সরকার দায়ী।
তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বিরোধী দলের নেতা বলেন, এরআগে ১৭ আগস্ট জোট সরকারের মদদপুষ্ট উগ্র-সাম্প্রদায়িক সন্ত্রাসী গোষ্ঠী একই সময়ে দেশের সর্বোচ্চ আদালতসহ ৬৩ জেলার আদালত ভবন, জেলা প্রশাসন ও পুলিশ সুপার কার্যালয় এবং বার লাইব্রেরিতে সিরিজ বোমা হামলা হামলা চালায়। সরকার তখন ওই চিহিৃত সন্ত্রাসী ও বোমা হামলাকারিদের আইনের হাতে সোপর্দ না করে আওয়ামী লীগকে দায়ী করে।
তিনি বলেন, এরফলে বোমা হামলার সাথে জড়িত ও পরিকল্পনাকারি প্রকৃত অপরাধী উগ্র-সাম্প্রদায়িক সন্ত্রাসী চক্র ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা একের পর এক হামলার মতো নাশকতামূলক ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি করার ধৃষ্টতা দেখাচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রাম, চাঁদপুর ও লক্ষ্মীপুরের আদালতের ভেতরে বোমা হামলার ঘটনা গত বছর ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যার চেষ্টা ও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যা, শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডসহ বিভিন্ন বোমাবাজির ধারাবাহিকতা মাত্র।
শেখ হাসিনা বলেন, দেশ বাঁচাতে, গণতন্ত্রের পথ সমুন্নত রাখতে এই সকল নাশকতামূলক অপকর্মের সাথে জড়িত অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।
তিনি জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধে পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
