২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুফতি হান্নান পলাতক জীবনে ৪ দলীয় জোটের একাধিক নেতার সাথে যোগাযোগ রাখতো: পারিবারিক ও গোয়েন্দা সূত্র

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যা প্রচেষ্টার আসামি এবং অস্ত্র ও বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) নেতা মুফতি আব্দুল হান্নান পলাতক জীবনে চারদলীয় জোটের কয়েকজন শীর্ষ নেতার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

একটি গোয়েন্দা সংস্থা ও মুফতি হান্নানের পরিবারের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানায়। সূত্র আরো জানায়, এ কাজে তাকে গোপনে সহায়তা করতো তার ভাই মুন্সী মতিউজ্জামান।

স্থানীয় সূত্র জানায়, মুন্সী মতিউজ্জামান ওরফে মতি কোটালীপাড়া থানা বিএনপির নেতা। থানা কমিটির নির্বাচনে সে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলো। কিন্তু স্থানীয় বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় চাপের মুখে সে তার প্রার্থীতা প্রত্যাহার করে। পরে তাকে কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

মুন্সী মতি হান্নানের আরেক ভাই আনিসুজ্জামান এবং হান্নানের সোনার বাংলা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (সাবানের কারখানা) দেখাশোনা করতো বলেও সূত্র জানায়। এই সাবান কারখানায়ই মুফতি হান্নান বোমা তৈরি করতো বলে অভিযোগ পাওয়া যায়।

এদিকে মুফতি হান্নানকে গ্রেপ্তারের মাত্র দু’দিন পর চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও চাঁদপুরে সোমবার দুপুরে প্রায় একই সময়ে আদালতের এজলাস চলাকালে পৃথক তিনটি বোমা হামলার ঘটনায় দু’জন নিহত ও কমপক্ষে ২৩ জন আহত হয়েছে।

মুফতি হান্নানকে গ্রেপ্তারের প্রতিশোধ হিসেবে এই বোমা হামলা ঘটানো হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। পুলিশের ধারণা, জেলা তিনটিতে ব্যবহৃত বোমার সঙ্গে ১৭ আগস্টের বোমাগুলোর মিল রয়েছে।

হান্নানের পরিবারের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজকে জানায়, ১৭ আগস্ট বোমা হামলার দু’দিন পর মুফতি হান্নান তার কয়েকজন সঙ্গীসহ নিজ গ্রাম কোটালীপাড়ায় যায়। সেখানে তারা বোমা হামলার খুশিতে খাসি জবাই করে ভোজেরও আয়োজন করে।

স্থানীয় সূত্র জানায়, পলাতক থাকাকালীন হান্নানের কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের বাসায় আহলে হাদিস আন্দোলন-বাংলাদেশ এর নেতা ড. আসাদুল্লাহ আল গালিব, জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নেতা শায়খ আবদুর রহমান এবং জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি) নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই একাধিকবার সাংগঠনিক সফরে গিয়েছিলেন।

সূত্র আরও জানায়, কোটালীপাড়ার হিরণ গ্রামে হান্নানের অনেক অনুসারী আছে। তাদের হেফাজতে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ আছে বলেও তারা অভিযোগ করে।

এদিকে র‌্যাবের জিজ্ঞাসাবাদে মুফতি হান্নান ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সাথে নিজের জড়িত থাকার কথা আবারও অস্বীকার করেছে বলে সূত্র জানায়।

জিজ্ঞাসাবাদে হান্নান জঙ্গি তৎপরতার সাথে জড়িত প্রায় ৫২ জন শীর্ষ ব্যক্তির নাম প্রকাশ করেছে বলে সূত্র জানায়। এদের অধিকাংশই গোপালগঞ্জের অধিবাসী। তার স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম সাদা পোশাকে মাঠে নেমেছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে আফগানিস্তান থেকে বাংলাদেশী বংশোদ্ভূত কোনও জঙ্গী দেশে ফিরেছে কিনা, সে ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে র‌্যাব সূত্র জানায়।

এদিকে মুফতি হান্নানকে গ্রেপ্তারের দু’দিন পরও তার ঘনিষ্ঠ অনুচর শাকিলকে ধরতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমান বাণিজ্যমন্ত্রীর ভাগ্নে পরিচয়নদানকারী শাকিল ২৩ সেপ্টেম্বর থেকে গা ঢাকা দিয়েছে। তার ব্যবসায়ী অংশীদার মুফতি হান্নানের ভাই আনিসুজ্জমান গোপালগঞ্জে ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তার হওয়ার পর থেকে সে বসুন্ধরা সুপার মার্কেটের তৈরি পোশাকের ব্যবসা ফেলে পালিয়েছে।