২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা হামলায় ভারতীয় সন্ত্রাসীরা জড়িত: পররাষ্ট্র মন্ত্রণালয়

বিডিআর মহাপরিচালকের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, দেশজুড়ে ১৭ আগস্ট আগস্টের বোমা হামলার সাথে ভারতীয় সন্ত্রাসীরা জড়িত ছিলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 08:37 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জহিরুল হক বলেন, বোমা হামলার সাথে ভারতীয় সন্ত্রাসীরা জড়িত, এ অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিক্রিয়া জানিয়েছে তা ঠিক নয়। বিডিআর’র মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, বোমা হামলার সাথে কিছু ভারতীয় সন্ত্রাসী জড়িত থাকতে পারে।

তিনি বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর মহাপরিচালকের বক্তব্যকে বিকৃত করেছে এবং তাদের পক্ষ থেকে এ বিষয়ে কমিউনিকেশন গ্যাপ ছিলো।

জহিরুল হক বলেন, এ ব্যাপারে তারা আনুষ্ঠানিকভাবে কোনও যোগাযোগ করেনি। কেবল ভারতীয় সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে একথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও স্বীকার করেছেন যে বিডিআর ও বিএসএফ’র মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। বিডিআর মহাপরিচালকের বক্তব্যকে বিকৃত করা হয়েছে এবং ভারতের এক শ্রেণীর সংবাদপত্র এটিকে ভুলভাবে তুলে ধরেছে।

তিনি বলেন, বিএসএফ’র সাথে বিডিআর মহাপরিচালকের বৈঠকের সময় তিনি ভারতীয় গণমাধ্যমকে যে সাক্ষৎকার দিয়েছেন তা আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়েছে। তাতেও উল্লেখ আছে, ‘১৭ আগস্টের বোমা হামলার সাথে কিছু ভারতীয় সন্ত্রাসী জড়িত থাকতে পারে’।

তিনি আরও বলেন, সাতক্ষীরা থেকে ভারতের পশ্চিবঙ্গের উত্তর ২৪ পরগনার বাসিন্দা গিয়াসউদ্দিনকে আটক করা হয়। তাছাড়া ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গের ২৪ পরগনার গ্রামের বাড়ি থেকে গিয়াসউদ্দিনের ছোট ভাইকে গ্রেফতার করে।

জহিরুল হক বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বন্ধুভাবাপন্ন এ দু’টি দেশের মধ্যে আলোচনা হয় কেবল প্রয়োজনীয় ও গঠনমূলক ইস্যুতে, এখানে ভুল বোঝাবুঝির কোনও অবকাশ নেই। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকেও গঠনমূলক আলোচনাই হয়েছে।

এতে স্থগিত হওয়া ১৩তম সার্ক সম্মেলন আয়োজনের ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তা মনে করি না।

সারা দেশে ১৭ আগস্টের বোমা হামলার ব্যাপারে বিডিআর মহাপরিচালক নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তখন বিএসএফ’র মহাপরিচালক মুশাহারি বলেছিলেন, ভারতীয় ওই নাগরিক দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন এবং সেখানে এক বাংলাদেশী নাগরিককে বিয়েও করেছেন। তিনি বলেছিলেন, এ ঘটনায় ভারত ও বাংলাদেশ উভয় দেশের সন্ত্রাসীরা জড়িত।

তার এ মন্তব্যে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয় এবং ভারত সরকার তীব্র অসন্তোষ প্রকাশ করে। এ অভিযোগ অস্বীকার করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতীয় সাংবাদিকদের কাছে দেওয়া বিডিআর মহাপরিচালকের মন্তব্য সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও দুঃখজনক’।