২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবছরেও যোগাযোগ মন্ত্রীর দুর্নীতির তদন্ত করেনি উপকমিটি

দুবছরেও যোগাযোগ মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে ব্যর্থ হওয়ায় দুটি উপকমিটির সদস্যদের তিরস্কার করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2005, 05:42 PM

Updated : 26 Apr 2022, 06:10 PM

কমিটির সভায় ওই দুটি উপ কমিটির সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চুড়ান্ত করেতে বলা হয়েছে। অন্যথায় উপকমিটি দুটি বাতিল করে নতুন উপকমিটি গঠন করা হবে।

রোববার জাতীয় সংসদ ভবনে সৈয়দ মঞ্জুর হোসেনের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাংসদ নাদিম মোস্তফা, ফজলুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা সূত্র জানায়, সভায় যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা যোগাযোগ মন্ত্রণালয়ের দুর্নীতি সংক্রান্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন। তিনি এ বিষয়টি তদন্তের জন্য একটি সংসদীয় তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।

মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেনকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।

সূত্র জানায়, শুরুতেই কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে সিএনজি থ্রি-হুইলার আমদানি এবং রুট পারমিট দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠিত দুটি উপকমিটির প্রতিবেদনের অগ্রগতি জানতে চান।

প্রথম উপকমিটির সভাপতি নাদিম মোস্তফা প্রতিবেদনের জন্য আরও সময় চান। একই অবস্থা ছিল সিএনজি ফিলিং ও রি-ফুয়েলিং স্টেশন স্থাপনে সরকারি জমি বেসরকারি উদ্যোক্তাদের বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম তদন্তে গঠিত উপকমিটিরও। এ কমিটির সভাপতি মাহমুদুল হক রুবেল সভায় অনুপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, দুটি উপকমিটির কথা ছিলো এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার। উপকমিটি দুটি গঠন করা হয়েছিলো গতবছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে। উপকমিটি গঠনের পর চার দফায় মেয়াদ বাড়ানো হয়। এক বছর আট মাসেও দুটি কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় সভায় তাদের তিরস্কার করা হয়।

সভা শেষে কমিটির সভাপতি সৈয়দ মঞ্জুর হোসেন সাংবাদিকদের জানান, উপকমিটি দুটিকেই আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।