২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার ৪ বছরে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে: ‘ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতি’ দিবসে আ. লীগ

‘ভোট কারচুপি ও ফলাফল জালিয়াতি’ দিবস পালন উপলক্ষে ১ অক্টোবর আওয়ামী লীগ আয়োজিত সেমিনারে আলোচকরা বলেছেন, বিএনপি জামাত জোট জংলি শাসন ও লুটপাটের রাজত্ব কায়েম করে গত চার বছরে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 08:04 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার অনুষ্ঠিত এ সেমিনারে বক্তারা আরো বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে এ সরকার এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, যাতে বিরোধী দল নির্বাচন বর্জনে বাধ্য হয়। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত প্রতিহত করে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে বিএনপি জামাত জোটকে জনগণের কাছে আত্মসমর্পণে বাধ্য করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এমপি। আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মুনতাসীর মামুন, সাম্যবাদি দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজুল ইসলাম খান কামাল ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূর এমপি।

আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত ‘নির্বাচন প্রক্রিয়া ও তত্ত্বাধায়ক সরকার: অভিজ্ঞতার আলোকে সংস্কার’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।