বিরোধী এমপিদের টিকার চতুর্থ ডোজও দেব: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিরোধী দলের সংসদ সদস্যদের বিনামূল্যে করোনাভাইরাসের চতুর্থ ডোজের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার সংসদে ২০২১-২০২২ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগের মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী কিছুটা হাস্যরস করে একথা বলেন।
নিজের বক্তব্যে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা ও টিকার ব্যবস্থা করা নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, “করোনা কীভাবে নিয়ন্ত্রণ করা হল, তা কেউ জানতে চান না। এ বিষয়ে প্রশংসার বাণী কখনও পাইনি।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যর্থ দেখাতে পারলে সরকারকে ব্যর্থ দেখাতে পারবেন, এটাই তাদের লক্ষ্য।”
এই পর্যায়ে সরকারি দলের কয়েকজন সংসদ সদস্য কিছু বলে ওঠার পর জাহিদ মালেক বলেন, “বিরোধী দল অনেক সাহায্য সহযোগিতা করেন। সংসদ সদস্যরা অনুরোধ করছেন, বিরোধী দলের সদস্যদের করোনার আরেকটি ডোজ টিকা দেওয়া হোক। তৃতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে চতুর্থ ডোজের টিকারও ব্যবস্থা করা হবে।”
এর আগে স্বাস্থ্যসেবা বিভাগের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গণফোরামের মোকাব্বির খান বলেন, “সিন্ডিকেট করে স্বাস্থ্যখাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই দুর্নীতির কারণে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এই খাতে সুশাসনের ঘাটতি আছে।”
চিকিৎসা ব্যবস্থার সমালোচনা করে বিএনপির রুমিন ফারহানা বলেন, “সরকারের ভৌত অবকাঠামোতে মনযোগ বেশি। কারণ রাজস্ব বাজেটে খুব বেশি দুর্নীতি করার সুযোগ নেই। অবকাঠামোতে দুর্নীতি করা যায় আর ভৌত উন্নয়নও দেখানো যায়।”
কোভিড টিকার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির পীর ফজলুর রহমান বলেন, স্বাস্থ্যখাতের ‘মিঠু সিন্ডিকেটের’ বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা তিনি জানেন না।
এই বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তিনি অনেক দিন ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করছেন। কিন্তু ‘মিঠু’ নামে কাউকে দেখেননি।
বিএনপির হারুনুর রশীদ বলেন, “গত ১৩ বছরে বিভিন্ন জেলা উপজেলা হাসপাতালের জন্য হাজার কোটি টাকার যন্ত্রপাতি কেনা হয়েছে। কিন্তু সেগুলোর ব্যবহার হয়নি। নষ্ট হয়ে গেছে।”
এ বিষয়টি খতিয়ে দেখতে তিনি একটি সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান।
