২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঋণ করে ঘি খাওয়ার বাজেট: সিপিবি

আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে ‘ঋণ করে ঘি খাওয়া’ ও ‘জনগণের কাঁধে কর চাপানো’র বাজেট আখ্যা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি - সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2022, 01:03 AM

Updated : 02 Aug 2022, 01:45 PM

বৃহস্পতিবার সংসদে অর্থমন্ত্রী বাজেট প্রস্তাব করার পর এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রস্তাবিত বাজেটকে প্রত্যাখান করেছেন।

জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ৪ লাখ ৩৩ হাজার কোটি টাকা রাজস্ব খাত থেকে যোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা বাস্তবায়ন করা হবে বড় চ্যালেঞ্জ। আয়-ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকবে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকার বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, “বাজেটের ঘাটতি পূরণের জন্য সাধারণ মানুষ, মধ্যবিত্তের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের বোঝা চাপানো হবে। এই বাজেট আয় বৈষম্য, সম্পদ বৈষম্য, খাদ্য-শিক্ষা-স্বাস্থ্য বৈষম্য, আঞ্চলিক বৈষম্য দূর করতে কোনো ভূমিকা নেবে না, বরং বৈষম্য বাড়াবে।”

বিবৃতিতে বলা হয়, “বিশ্ব ও দেশের পরিস্থিতি বিবেচনায় রেখে অপ্রয়োজনীয় মেগা প্রকল্প স্থগিত, অনুৎপাদনশীল খাতে ব্যয় কমানো, প্রতিরক্ষা খাতসহ সরকারি ক্রয় খাতে বরাদ্দ কমিয়ে আনা, সর্বত্র স্বচ্ছতা নিশ্চিত করা, বিদেশভ্রমণসহ অপ্রয়োজনীয় বিলাসী কার্যক্রম বন্ধ করা জরুরি। কিন্তু এর কোনো আলামত আমরা দেখতে পেলাম না।

“আগে জিনিসপত্রের দাম বৃদ্ধি বাজেটের ওপর নির্ভর করতো। এখন আগে পরে দাম বাড়িয়ে মানুষের চোখকে ফাঁকি দেওয়া হয়। তাই বাজেটে যতই ভালো কথার ফুলঝুরি থাকুক না কেন, সাধারণ মানুষের জীবনমানে কোনো পরিবর্তন আনবে না।”

মুক্তিযুদ্ধের চেতনা ও ধারায় এ বাজেট প্রণীত হয়নি উল্লেখ করে সিপিবি জানায়, “অর্থনৈতিক ক্ষেত্রে সংবিধানের নির্দেশনা মানা হয়নি। মুক্তবাজারের নামে লুটপাটের ধারা আমাদের সংবিধান অনুমোদন দেয় না, অথচ ওই ধারায় বাজেট প্রনীত হয়েছে। এ বাজেট আমলা ও লুটেরা নির্ভর।”