২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ থাকলে দ্রব্যমূল্য ‘ধরা ছোঁয়ার’ বাইরে থাকবে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর অভিযোগ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ‘দ্রব্যমূল্য মানুষের ধরা-ছোঁয়ার বাইরে থাকবে’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2022, 06:35 PM

Updated : 28 Apr 2022, 11:50 PM

রোববার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দুঃশাসন’ সংবলিত লিফলেট বিতরণের সময় এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন ‘‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে থাকবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষের ছায়া থাকবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষ আধ পেটা থাকবে-এটাই বাস্তবতা, এটাই সত্য।”

রিজভী বলেন, “চাল-ডাল, তেল, আটা, গুড়া দুধ, আনাজপাতি- আজকে মানুষের ধরা-ছোঁয়ার বাইরে। আজকে বেগুনের গায়ে হাত দিলে, আলু গায়ে হাত দিলে, সবজির গায়ে হাত দিলে বিদ্যুতের মত শক করে।”

বিশ্বের কোনো দেশে 'জনগণের সরকার' ক্ষমতায় থাকলে জিনিসপত্রের দাম এভাবে বাড়ে না মন্তব্য করে তিনি বলেন, “এই ১০ বছরে বিদ্যুতের দাম তারা (সরকার) বৃদ্ধি করেছে ৯০%, গ্যাসের দাম তারা বৃদ্ধি করেছে ১৪৪%, ডিজেলে দাম তারা বৃদ্ধি করেছে ৮২% এবং পানির দাম বৃদ্ধি করেছে তারা ২৪৪%।''

টিসিবির পণ্য পেতে মানুষের হয়রানির কথা তুলে ধরে রিজভী বলেন, “আজকে ওএমএসের যে লম্বা লাইন সেখানে মধ্যম আয় ও স্বল্প আয়ের মানুষ প্রত্যেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে এই চৈত্র্যের ভয়ংকর রোদ্রের মধ্যে। রাজধানীসহ কিছু জেলায় এই টিসিবির ন্যায্যমূল্যে পণ্য সারাদেশে ১-২% দিতে পারে ...।”

এরপর দুপুর সাড়ে ১২টায় নয়া পল্টনের ফুটপাতে ও বিপনি বিতানগুলোতে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপি দক্ষিণের আহবায়ক আবদুস সালামসহ মহানগর নেতারা।