একুশের চেতনায় ‘ষড়যন্ত্রকারীদের’ প্রতিরোধের শপথ আওয়ামী লীগের
দেশের উন্নয়ন-অগ্রগতির বিরদ্ধে যারা ‘ষড়যন্ত্র করছে’, একুশে ফেব্রুয়ারিতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রত্যয় জানাল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।
তিনি বলেন, “১৯৫২ সালে যারা বাঙালি জাতিসত্তার টুঁটি চেপে ধরতে চেয়েছিল, যারা বাঙালি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল; তাদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল, প্রতিরোধ হয়েছিল, ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছিল।
বাংলা ভাষার মর্যাদা ‘বিশ্বব্যাপী প্রতিষ্ঠা করতে’ সরকার ‘কাজ করছে’ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।”
সরকার একুশের চেতনাকে ‘ধ্বংস করেছে’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “এই দেশের সব অর্জন, সবকিছু আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের বিরোধীদের নিয়ে রাজনীতি করা বিএনপি।
“বাঙালির চেতনাকে বিএনপি, খালেদা জিয়া ধারণ করেন না। সুতরাং মির্জা ফখরুলের এসব কথা তার বেলায় প্রযোজ্য যে, বাঙালির চেতনাকে, বাংলার চেতনাকে, মুক্তিযুদ্ধের চেতনাকে বিএনপি ধ্বংস করেছে।”
আওয়ামী লীগ নেতারা সকালে কালো ব্যাজ ধারণ করে প্রভাতফেরি করে আজিমপুর কবরস্থানে যান। সেখানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রহমান, শাহজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাখাওয়াত হোসেন শফিক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবদুল আউয়াল শামীম এ সময় উপস্থিত ছিলেন।
