২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিছু করতে পারছেন না তো ক্ষমতায় থাকছেন কেন: রিজভী

বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করে আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 02:06 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, “যদি আপনাদের কিছুই করার না থাকে, আবার জোর করে ক্ষমতাও আঁকড়ে আছেন। এত লোভ-লালসা কেন?

“কোনো ভদ্র সরকার হলে যদি নিজেরা ব্যর্থ হয়, কিছু করার না থাকে, তাহলে পদত্যাগ করে। এটাই গণতান্ত্রিক বিশ্বের দৃষ্টান্ত।”

রোববার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

একদিন আগেই বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেলের দামের ঊর্ধ্বগিতর প্রসঙ্গে বলেছিলেন, বিশ্ব বাজারে দাম বেড়ে গেলে সরকারের কিছু করার থাকে না। 

রিজভী বলেন, “এখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কয়েকশ গুণ বেড়ে্ছে। শুধু নিজেদের (ক্ষমতাসীনদের) লোকদের দিয়ে বাজার সিন্ডিকেট করে এই বৃদ্ধি করা হয়।

“দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধবগতি, আইনের অপশাসন,গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে আওয়ামী সরকার বাংলাদেশে মেন মেইড ডিজাস্টার সৃষ্টি করেছে।”

‘বিএনপি নেতা বলেন, “বাণিজ্যমন্ত্রীর বক্তব্যে বোঝা যায় দেশ চালাচ্ছে না আওয়ামী লীগ। আপনাদের কিছুই করার নেই তাহলে দেশ চালায় কে? দেশ চালাচ্ছে কোন অদৃশ্য শক্তি?

“আমরা মনে করি বাণিজ্যমন্ত্রীর বক্তব্য দুর্নীতির পক্ষে জোরালো সাফাই ছাড়া কিছু নয়। কর্মহীনতা, অর্ধাহার, অনাহারক্লিষ্ট দেশবাসীর প্রতি এটি মন্ত্রীর নিষ্ঠুর রসিকতা।”

‘বিএনপি ৫ বছরের ক্ষমতাকালে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে’-প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, “আওয়ামী লীগ দেশকে যে পেছনের দিকে নিয়ে গেছে, সে বিষয়ে উনার বলা দরকার ছিল।

“ভোটারবিহীন নির্বাচন আর নিশিরাতের নির্বাচন করে গণতন্ত্র হত্যার মাধ্যমে ইয়াহিয়া-টিক্কার মডেলের শাসকদের উপদেষ্টার মুখে এমন কথাই মানায়। দুর্নীতির মাধ্যমে দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচারের পৃষ্ঠপোষকদের মুখে এমন কথাই মানায়।”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।