২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি উদঘাটন করেছে, এটাই শরীফের অপরাধ: ফখরুল

অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত দুদক কর্মকর্তা শরীফ উদ্দীনের পক্ষে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 08:41 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

তার দাবি, দুর্নীতি উদঘাটনে তৎপরতাই দুর্নীতি দমন কমিশনের এই উপসহকারী পরিচালক শরীফ উদ্দীনের জন্য কাল হয়েছে।

শুক্রবার বিকালে এক আলোচনা সভায় সরকারের সমালোচনা করতে গিয়ে ফখরুল বলেন, “দেশে দুর্নীতির বিরুদ্ধে কথা বললে চরম বিপদ নেমে আসে। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রামের একজন ডেপুটি ডাইরেক্টর শরীফ উদ্দীন। তার অপরাধ কী? সে বহু দুর্নীতি উদঘাটন করেছে এবং যা হয় আরকি, যারা দুর্নীতি করছে তাদের হাত দিতে গিয়ে আজকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, অপসারণ করা হয়েছে। যেটা সম্পূর্ণ বেআইনি।”

‘হত্যা ও চাকরি খাওয়ার হুমকি’ পাওয়ার কথা জানিয়ে গত মাসে চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন দুর্নীতিবিরোধী অভিযানে আলোচিত কর্মকর্তা শরীফ। তার ১৬ দিনের মাথায় বুধবার তাকে চাকরি থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি হয়।

কোনো ধরনের ‘কারণ দর্শাও নোটিস না দিয়ে’ অপসারণের বিষয়টিকে ‘অসাংবিধানিক’ হিসেবে বর্ণনা করে শরীফ সাংবাদিকদের বলেছেন, তিনি ‘প্রভাবশালী মহলের’ রোষানলের শিকার।

দুদক বলছে, ‘অব্যাহতভাবে চাকরিবিধি লঙ্ঘন করায়’ কমিশনের ‘ভাবমূর্তি রক্ষার স্বার্থে’ শরীফ উদ্দিনকে নোটিস ছাড়াই চাকরিচ্যুত করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।

কিন্তু ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে এবং কমিশনের আরও কয়েকটি সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে শরীফকে অপসারণের প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার।

সে প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, “ফর দ্য ফার্স্ট টাইম, দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা, তারা একটা মানববন্ধনও করেছে এর প্রতিবাদে। এই হচ্ছে অবস্থা।”

ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, “আজকে সত্যিকার অর্থে দেশ শশ্মানে পরিণত হয়েছে। পত্র-পত্রিকা খুললেই দেখবেন দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি খবর। গত কয়েক সাপ্তাহের পত্র-পত্রিকা যদি দেখেন… একটা হচ্ছে আইনমন্ত্রী ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টার ফোনালাপ। সেই ফোনালাপে কী বলা হয়েছে? সেখানে বলা হচ্ছে যে, এই ফাইলটা ওখান থেকে আনতে হবে…। আমরা দাবি করেছি, ফোনালাপের বিষয়বস্তু তদন্ত করেন।

“পত্রিকায় শিক্ষামন্ত্রীর সম্পর্কে বেরুলো তার আত্বীয়-স্বজনেরা চাঁদপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ করতে গিয়ে প্রায় তিন‘শ কোটি টাকার উপরে লুটপাট করার ব্যবস্থা করেছে। কোনো তদন্ত নেই। আন্তর্জাতিক একটি পত্রিকায় বেরিয়েছে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার নিজস্ব কোম্পানি দিয়ে তিনি বাংলাদেশে ব্যবসা করছেন, যেটা সম্পূর্ণভাবে বেআইনি। সোশ্যাল মিডিয়াতে আসছে এই আওয়ামী লীগের নেতারা কানাডায় বাড়ি কিনছেন, সিঙ্গাপুর অথবা লন্ডনে বাড়ি-টাড়ি কিনছেন।”

মির্জা ফখরুল বলেন, “একদিকে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়ছে। অন্যদিকে ওরা দুর্নীতি করে সম্পদের পাহাড় গড়ছে।”

বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকার ফের ‘মিথ্যা মামলা দিচ্ছে’ বলেও অভিযোগ করেন দলটির মহাসচিব।

তিনি বলেন, “এই কিছুদিন আগে গত-পরশু আব্দুস সালাম (ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক) হাই কোর্ট থেকে জামিন নিয়েছেন। একটা ঘটনা ঘটেছে সবার বিরুদ্ধে মামলা দিয়েছে, এরকম প্রায় হচ্ছে, আপনি দেখবেন। যেহেতু তাদের (সরকার) সময় ঘনিয়ে এসেছে,  এখন তারা একটু বেশি করে এগুলো (মামলা-মোকাদ্দমা) করার চেষ্টা করছে। কিন্তু শেষ রক্ষা হয় না। কারো কোনোদিন হয়নি।

“যারা মানুষের ওপর জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে চায়, যারা চুরি করে, লুট করে দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়ে টিকে থাকতে চায়; তারা কখনোই চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারে না। অতীতে পারেনি, এখনো পারবে না।”

মির্জা ফখরুল বলেন, “আমাদের অসংখ্য নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ৩৫ লক্ষ আসামি- চিন্তা করতে পারেন? কোনো দেশে কোথাও এই ধরনের নজির আছে বলে আমার জানা নেই যে একটা গণতান্ত্রিক দলের ৩৫ লক্ষ লোককে আসামি করা হয়েছে, লক্ষাধিক মানুষের বিরুদ্ধে মামলা।

“…এই সংকট উত্তরণের একটাই মাত্র পথ- অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে এখানে একটা নির্বাচন হতে হবে। যে নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন, সরকার গঠন করবেন, পার্লামেন্ট গঠন করবেন। আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি।”

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার ইউনিটি কার্যালয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।

সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী মজিবুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম খান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হকসহ তাঁতী দলের যুগ্ম আহবায়ক ও সদস্যরা বক্তব্য রাখেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাঁতী দলের নেতা-কর্মীদের নিয়ে শেরে বাংলানগরে জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।