মানুষ এবার ‘ফাঁদে’ পা দেবে না: ফখরুল
নতুন নির্বাচন কমিশন ‘আওয়ামী লীগের লোক দিয়েই হচ্ছে’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ আর তাদের ‘ফাঁদে’ পা দেবে না।
শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন ইসি গঠনে সার্চ কমিটির কার্য্ক্রমের সমালোচনা করে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, “এরা (সরকার) গণতন্ত্রকে ধ্বংস করেছে, নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। খুব কথা বলতে শুরু করেছে কয়েক দিন আগে, আমরা সার্চ কমিটিতে নাম দিইনি কেন?
“... আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি, একইভাবে তারা তাদের ক্ষমতাকে রাখার জন্য তাদের সমস্ত লোকজনকে দিয়ে তৈরি করে এই নির্বাচন কমিশন। তারা যেটা নির্বাচন করে ওইটাকে বলে- ‘আমরাই তো জিতে গেছি, আমরাই এসেছি এখানে, গণতন্ত্র পার হয়েছে’।”
বিএনপির অবস্থান তুলে ধরে মহাসচিব বলেন, “আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই, এই দেশের জনগণ আর সেই ফাঁদে পা দেবে না, এদেশের জনগণ গণতন্ত্রকে ধ্বংস করবার আওয়ামী লীগের যত পরিকল্পনা আছে সবকে তারা ধবংস করে দেবে, নষ্ট করে দেবে।
“এই ভয়াবহ গণতন্ত্রবিরোধী, বাংলাদেশের মানুষবিরোধী, স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দেওয়ার জন্য তারা জাতীয় ঐক্য সৃষ্টি করে একটা নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাল্লাহ।”
দেশে চলছে ‘ডাকাতি অর্থনীতি’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আজকেই পত্রিকায় এসেছে, বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতার সূচক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এরা সারাক্ষণ চিৎকার করছে উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। মনে হয় যে, গোটা বাংলাদেশকে তারা সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে।
“হেরিটেজ ফাউন্ডেশন আন্তর্জাতিক সংস্থা আছে, তারা এ বিষয়ে যে জরিপ করেছে, সেখানে তারা বলেছে যে, এখন ১৭৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে ১৩৭তম স্থানে। ২০২১ সালে ছিল ১২০তম। অর্থাৎ ১৭ ধাপ নিচে নেমে গেছে।”
সরকারের সমালোচনায় বিএনপি মহাসচিব বলেন, “এখানে এটাকে দুর্নীতির অর্থনীতি বললে ছোট করা হয়, লুটপাটের অর্থনীতি চালু করেছে। একেবারে ডাকাতি অর্থনীতি চালু করেছে। দুর্নীতি করাটা তাদের মজ্জাগত, এটাকে তারা অপরাধ মনে করে না, এটাকে তারা রাইট মনে করে।”
সাধারণ মানুষের আয় বাড়ছে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, “তাদের (আওয়ামী সরকার) উন্নয়ন হয়েছে, তারা কোটিপতি হয়েছে। তারা বিদেশে বেগমপাড়া তৈরি করছে। এসব খবর উঠে আসছে।
“যাদেরকে ব্যবহার করে তারা ক্ষমতাকে টিকিয়ে রেখেছে, তাদের সঙ্গে শেয়ার করছে। সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর দাবি- আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি হব। কিন্তু সেই সরকারি-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের আয়ের তো বৃদ্ধি করতে হবে, সেই সুযোগ তো তৈরি করতে হবে। সেটা কিন্তু হচ্ছে না।”
দেশে মূল্যস্ফীতি বাড়ার প্রসঙ্গ ধরেও বর্তমান সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব ফখরুল।
তিনি বলেন, “আজকে চাল-ডাল-তেল-লবণের দাম যে হারে বেড়েছে, এটা কোনো স্বাধীন দেশে এভাবে চলতে পারে না। এটা তো একটা পুরোপুরিভাবে ভেনেজুয়েলা বা নাইজেরিয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে, যেখানে আপনার এই অপচয়, অপব্যবহার, দুর্নীতির কারণে এদেশ একটা ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে।”
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির রচনা প্রতিযোগিতা কমিটির উদ্যোগে জাতীয় ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নাম ঘোষণা উপলক্ষে এই অনুষ্ঠান হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের স্বাধীনতা সূবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে বলেন, “করোনা পরিস্থিতি আবার স্বাভাবিক হচ্ছে। আমরা এখন থেকে পুরো মার্চ মাসব্যাপী আমাদের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন কর্মসূচি শুরু করব। এই সব কর্মসূচির মধ্য দিয়ে আমরা স্বাধীনতার সঠিক ও প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরব।”
স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ১২ স্তরে ১২টি বিষয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতায় ৪১৯ জন প্রতিযোগী অংশ নেয়। তাদের মধ্য থেকে জাতীয় পর্যায়ে ১৭ জন এবং বিভাগীয় পর্য়ায়ে ৭৯ জন বিজয়ী হয়েছে।
রচনা প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক অধ্যাপক আফম ইউসুফ হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির ‘স্বাধীনতা সূর্বণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির’ সদস্য সচিব আবদুস সালাম বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক এমতাজ হোসেন, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, ছাত্র দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, চেয়ারপারসনের কার্যালয়ের এবিএম আবদুস সাত্তার, রিয়াজউদ্দিন নসু, শায়রুল কবির খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
