এ মাসেই আওয়ামী লীগের রাজশাহীর ৩ জেলায় সম্মেলন
এই বছরের শেষে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হচ্ছে, তার আগে জেলায় দল গোছানোর প্রক্রিয়ায় এই মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা, নাটোর ও সিরাজগঞ্জ জেলার সম্মেলন।
সম্প্রতি গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর বৈঠকে সংগঠনের মেয়াদোত্তীর্ণ জেলা ও উপজেলার সম্মেলন দ্রুত শেষ করতে আবারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
পাবনা জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগে। সাত বছর পরে ১৯ ফেব্রুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলন হচ্ছে জেলাটিতে। এই সম্মেলন ঘিরে সক্রিয় হয়ে উঠেছে জেলার নেতা-কর্মীরা।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিম লাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “(কোভিড) বিধি-নিষেধের বিষয়টি মাথায় রেখেই আমরা সম্মেলন করছি। লোক সমাগম কম করা হবে। সবাইকে মাস্ক পরে সমাবেশস্থলে আসার জন্য বলা হয়েছে।”
দীর্ঘদিন সহসভাপতির পদে থাকার পর এখন ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রবীণ নেতা লাল সম্মেলনে সভাপতির পদ পাওয়ার আশায় রয়েছেন।
“দীর্ঘদিন দলের সঙ্গে আছি, দলের সব কর্মকাণ্ড পালন করছি। জীবনের শেষ সময় পর্যন্ত দলের সেবা করতে চাই। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি আমার আস্থা আছে। তিনি আমাকে দায়িত্ব দিলে আমি পালন করব।”
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী অনেকের মধ্যে অপেক্ষাকৃত তরুণ মাজহারুল ইসলাম মানিক চান জেলার শীর্ষ নেতৃত্বে পরিবর্তন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই সহসভাপতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীরা ভালো ফলাফল করতে পারেনি। আর এর অন্যতম কারণ দায়িত্বে থাকা অভিভাবকেরা সঠিক প্রার্থী দিতে পারেনি। দলের তৃণমূল নেতাকর্মীরা পরিবর্তনের জন্য অপেক্ষা করে রয়েছেন।”
নাটোরেও সাত বছর পর আগামী ২০ ফেব্রুয়ারি হতে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সম্মেলন। ২০১৪ সালে সর্বশেষ সম্মেলনে নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস সভাপতি ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ৮ জানুয়ারি। তাতে সভাপতি হয়েছিলেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, এ এম গোলাম কিবরিয়া হয়েছিলেন সাধারণ সম্পাদক।
কিবরিয়া মারা যাওয়ার পরে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন সংসদ সদস্য হাবিবে মিল্লাত। তবে তিন মাস আগে কমিটি থেকে সভাপতি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে অব্যাহতি দেয় কেন্দ্রীয় কমিটি। সিরাজগঞ্জে ২৮ ফেব্রুয়ারি সম্মেলন হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, দলের দুঃসময়ে দুর্দিনে ছিল, ক্লিন ইমেজের রাজনীতি করে আসছে, দল ও নেত্রীর প্রতি সম্পূর্ণ আনুগত্য আছে, যে কোনো পরিস্থিতিতে দলের জন্য কাজ করবে, তারাই নেতৃত্বে আসবে।”
প্রায় একই কথা বলেন রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেনও।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা যোগ্য বিশেষ করে আগামীতে দল ও দেশের প্রতি যাদের কমিটমেন্ট আছে, যারা নেতৃত্বে আসলে দল প্রশ্নবিদ্ধ হবে না, দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না এবং জননেত্রী নেত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য আছে, তাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব বের হয়ে আসবে।”
সম্মেলনের মধ্য দিয়ে দল শক্তিশালী করার আশা রেখে তিনি বলেন, “রাজশাহী বিভাগে জেলা সম্মেলনের আগে থেকেই আমরা তৃণমূলকে শক্তিশালী করতে উপজেলা, পৌরসভার সম্মেলনসহ কর্মিসভা করেছি। যার ফলে সাংগঠনিক ভিত শক্তিশালী হয়েছে। এখন জেলার নেতৃত্বের জন্য আমরা সম্মেলনে যাচ্ছি।”
এই মেয়াদে আওয়ামী লীগের ৭৮টি সাংগঠনিক জেলার মধ্যে কতটিতে সম্মেলন হয়েছে- জানতে চাইলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩৩টিতে সম্মেলন ইতোমধ্যে শেষ হয়েছে।
