২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্চ কমিটিতে ‘তামাশা’ ছাড়া কিছু নেই: ফখরুল

সার্চ কমিটির কার্যক্রমকে ‘তামাশা’ হিসেবে বর্ণনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইসি গঠনে তাদের কাছে নাম পাঠানো ‘অর্থহীন’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 07:47 PM

Updated : 28 Apr 2022, 11:40 PM

দলের স্থায়ী কমিটির সভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “পুরোপুরিভাবে এটাতে (সার্চ কমিটি) তামাশা ছাড়া আর কিছু নেই। কারণ এর একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা, বিভিন্নভাবে নিয়ে যাওয়া, একটা আইওয়াশ দেওয়া।”

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকারগুলোর নির্বাচনে ‘এই সত্য প্রমাণিত হয়েছে’ বলে বিএনপি মহাসচিবের দাবি।

তিনি বলেন, “বিএনপি সেই প্রেক্ষাপটে মনে করে, এখন অনুসন্ধান কমিটিতে নাম প্রেরণ এবং নির্বাচন কমিশন গঠন একেবারেই অর্থহীন। বিএনপি বিশ্বাস করে, ক্ষমতাকে কুক্ষিগত রাখার নীল নকশার অংশ হিসেবে পুনরায় নির্বাচন কমিশন গঠনে সরকারি তৎপরতা সেই চক্রান্তের অংশ।”

সার্চ কমিটির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, “এভাবে একই পদ্ধতিতে গত দুই দুইটি নির্বাচনের মত নির্বাচন কমিশন গঠন করা হবে এবং একই পদ্ধতিতে তারা নির্বাচনটাকে নিয়ন্ত্রণ করবে।”

স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “বিএনপি মনে করে, বর্তমান জনগণের ম্যান্ডেটবিহীন অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো অবস্থাতেই নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

“আমরা তাই মনে করি, এই অবৈধ সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর এবং নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সকলের গ্রহণযোগ্য, একটি অংশীদারিত্বমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট ও সরকার প্রতিষ্ঠাই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ।”

নতুন নির্বাচন কমিশন গঠনে সংসদে পাস হওয়া আইনের আওতায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করে দিয়েছেন।

এই কমিটি বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করে নামের প্রস্তাব নিয়েছে। সেখান থেকে ১০ জনের নাম তারা রাষ্ট্রপতির কাছে সুপারিশ আকারে পেশ করবে। তাদের মধ্যে থেকে ৫ জনকে নিয়ে নতুন ইসি গঠন করে দেবেন রাষ্ট্রপতি।

আইনমন্ত্রী-উপদেষ্টার ফোনালাপের তদন্ত দাবি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও সরকারের শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানের ফাঁস হওয়া ফোনালাপটির সত্যতা যেহেতু আইনমন্ত্রী স্বীকার করেছেন। সেহেতু এই ফোনালাপের বিষয়বস্তগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপের আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরি।

“বিএনপির স্থায়ী কমিটি অবিলম্বে এই ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে শুধু তদন্ত নয়, ফোনালাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের জন্য আহ্বান জানাচ্ছে। একইসঙ্গে অতীতে ফাঁস হওয়া ফোনালাপ সম্পর্কে নিরপেক্ষ তদন্তও দাবি করছে। দুর্নীতি দমন কমিশনকে নিরপেক্ষভাবে তদন্ত এবং কার্য্করী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।”

ফখরুল বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় ‘সরকারি পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেটের অপতৎপরতা’ এবং ধাপে ধাপে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে স্বল্পবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের ভোগান্তিতে উদ্বেগ প্রকাশ করে তাদের স্থায়ী কমিটি।

অবিলম্বে পানি, গ্যাস, তেলের মূল্য আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর জন্য কার্য্কর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়  বিএনপির পক্ষ থেকে।