২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের সিদ্ধান্ত ভোটের সময়: জি এম কাদের

আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারও সঙ্গে জোটবদ্ধ হবে না, এমন নিশ্চয়তা এখনই দিচ্ছেন না দলটির চেয়ারম্যান জি এম কাদের; যদিও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন ভিন্ন কথা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 05:39 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বুধবার দলের এক সভায় কাদের বলেছেন, “নির্বাচনে কার সঙ্গে জোট হবে, তা নির্বাচনের সময় দেখা যাবে।”

একদিন আগেই মহাসচিব চুন্নু বলেছিলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবেই অংশ নেবে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটি একেক সময় একেক জোটে ছিল। আওয়ামী লীগের জোটেও যেমন দেখা গিয়েছিল, বিএনপির জোটেও ভিড়েছিল দলটি। আবার এই দুই দলের জোটের বাইরে থেকে আলাদা জোট গড়েও ভোটে অংশ নিয়েছে।

২০০৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে ভিড়লেও পরে তা নিয়ে অসন্তোষ ছিল দলটির অনেক নেতা-কর্মীর মধ্যে। একাদশ সংসদ নির্বাচনের আগে এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছিলেন এরশাদ। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের সমঝোতা থেকেই যায়, যদিও তারা এখন সংসদে রয়েছে বিরোধী দলের আসনে।

বুধবারের সভায় সংসদে বিরোধীদলীয় উপনেতা কাদের বলেন, “নির্বাচন এখন প্রহসন হয়ে গেছে। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলছে।

“সরকারি দলের নেতারা বলে বেড়ান, নারায়ণগঞ্জে ভোট সুষ্ঠু হয়েছে। কিন্তু সারাদেশে ইউনিয়ন পরিষদের ভোট কেমন হয়েছে, তা বলতে চান না। বিয়য়টি এমন হয়েছে, সরকার চাইলে ভোট সুষ্ঠু হবে আর না চাইলে হবে না।”

জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলের ঢাকা মহানগর দক্ষিণের তিনটি ওয়ার্ডের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাদের।

তিনি বলেন, “দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপিকে বিশ্বাস করে না। এখন কেউ গণতন্ত্রের কথা বললে মানুষ প্রতারণা মনে করে।

“দেশে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় অনেকটাই গণতন্ত্র ছিল, কিন্তু সংসদীয় গণতন্ত্রের নামে যা চলছে তাকে কোনোভাবেই গণতন্ত্র বলা যায় না। এখন কর্তৃত্ববাদী শাসনে দেশের মানুষ অতিষ্ঠ।”

দেশের মানুষ এখন জাতীয় পার্টির ‘দিকে তাকিয়ে আছে’ বলে দাবি করেন তিনি।

এই সভায় মহাসচিব চুন্নু এমপি বলেন, “আগামী নির্বাচনে জাতীয় পার্টি হাড্ডাহাড্ডি লড়াই করবে আওয়ামী লীগ ও বিএনপির সাথে। দেশের মানুষ জাতীয় পার্টির দিকে একবুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।”

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব জসিম উদ্দীন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা সভায় বক্তব্য রাখেন।