বিএনপি গণতন্ত্রকে ‘না’ বলছে: তথ্যমন্ত্রী
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে নামের প্রস্তাব দেওয়ার আহ্বানে বিএনপির সাড়া না দেওয়া ‘গণতন্ত্রকে না বলার’ শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, “বিএনপি ক্রমাগতভাবে সবকিছুতেই ‘না’ বলছে। অথচ আজকে যে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেভাবে সার্চ কমিটি রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি এমনকি সমাজে বোদ্ধা হিসেবে পরিচিতদের সাথে বসেছেন, এমন অংশগ্রহণমূলক প্রক্রিয়ার উদাহরণ অনেক পুরনো গণতান্ত্রিক দেশেও কেউ দিতে পারবে না।
“বিএনপি ঘরানার বুদ্ধিজীবীরা এবং যারা বিএনপির পক্ষে সারাক্ষণ কথা বলেন, তারাও সেখানে গেছেন এবং বলেছেন- বিএনপির আসলে নাম দেওয়া কথা ছিল, অথচ বিএনপি দিল না। এই যে সমস্ত কিছুকে বিএনপি ‘না’ বলছে, এটি গণতন্ত্রকে ‘না’ বলার শামিল।”
নতুন সিইসি এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য দশ জনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবে সার্চ কমিটি। সেজন্য নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের কাছে নামের প্রস্তাব চেয়েছিল তারা। তাতে জমা পড়া ৩২২টি নাম মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।
স্বাধীনতার ৫০ বছর পর এবারই প্রথম আইন করে তার আওতায় নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে। গত ডিসেম্বরে পাস হওয়া ওই আইন বিএনপি প্রত্যাখ্যান করেছে। দলটির নেতারা বলে আসছেন, যেহেতু তারা ওই আইন মানেন না, এর অধীনে গটিত সার্চ কমিটি নিয়েও তাদের কোনো আগ্রহ নেই। সে কারণে তারা সার্চ কমিটির কাছে নামের প্রস্তাবও দেননি।
বিএনপির এই ভূমিকার সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “অনেক দেশে জাতিগত সংঘাত হয়েছে, কিন্তু পেট্রোল বোমা নিক্ষেপ করে, দিনের পর দিন অবরোধ ডেকে মানুষকে জিম্মি করার রাজনীতি এবং শুধুমাত্র রাজনৈতিক কারণে মানুষ পুড়িয়ে হত্যা… যা বিএনপি-জামায়াত করেছে, এটা সমসাময়িক বিশ্বে কোথাও হয়নি।”
এ প্রসঙ্গে গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
“এই যে একটি রাজনৈতিক দল গণবিরোধী রাজনীতি করছে, সেটি গণমাধ্যমে সেভাবে ফুটে উঠছে না। তারা কোনো জায়গায় ‘ফুঁ’ দিলেও গণমাধ্যমে বড় করে তুলে ধরা হয়। আবার, আমি কোনো রাজনৈতিক সভায় গেলে দেখি গণমাধ্যমের সবাই হাজির, কিন্তু সাংবাদিকদের এবং সাংবাদিকতা বিষয়ে অনুষ্ঠানে আরো বেশি আসার প্রয়োজন হলেও সেটি হচ্ছে না, যা ভাবা দরকার।”
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহামারীর মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যেভাবে ৬ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে এবং হচ্ছে, এটা আশপাশের কোনো দেশে দেওয়া হয়নি। এই বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কখনো ‘দলীয় আনুগত্য’ বিবেচনা করা হয়নি।
“আমি সবসময় বলেছি, যারা প্রেসক্লাবের সামনে সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখেন কিংবা পত্রপত্রিকায় আমাদের বিরুদ্ধে কলাম লেখেন কিংবা টকশোতে গিয়ে আমাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি যদি এর মধ্যে পড়েন, তাহলে তাকেও সহায়তা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও দেওয়া হবে।”
সাংবাদিকদের ‘সমাজের আলোকবর্তিকা’ হিসেবে বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, “আামাদের দেশে স্বাধিকার আদায়ের আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠন সব ক্ষেত্রেই, সাংবাদিকরা অনেক ভূমিকা রেখেছেন। কিন্তু আজকে যখন গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে, তখন দেখা যাচ্ছে, অনেক ভূঁইফোড় সাংবাদিক ও ভূঁইফোড় গণমাধ্যমের জন্ম হয়েছে। এতে করে প্রকৃত সাংবাদিকদের বদনাম হচ্ছে। এর অবসান হওয়া প্রয়োজন।
“সেজন্য সাংবাদিক নেতৃবৃন্দের অনুরোধে আমরা নীতিগতভাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি, একটা নীতিমালার ভিত্তিতে সাংবাদিকদের ডেটাবেজ করা দরকার। সেই কাজটি প্রেস কাউন্সিলকে করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। তারা যদি নীতিমালার ভিত্তিতে ডেটাবেজ তৈরি করেন, তাহলে প্রকৃত সাংবাদিকরা ডেটাবেজে স্থান পাবেন, আর যারা প্রকৃত নয়, ভূঁইফোড়, তারা ডেটাবেজে স্থান পাবেন না। তখন শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরের প্রথম ধাপের বরাদ্দে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কল্যাণ অনুদান হিসেবে সারাদেশের ৩০৪ জন সাংবাদিকের জন্য ২ কোটি ৭৬ লাখ টাকা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলার ১২৪ জন সাংবাদিকদের মাঝে ২ কোটি ৯ লাখ টপাকার চেক বিতরণ করা হয়।
পাশাপাশি মহামারীর অনুদানের দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে সারাদেশের ৫৩০ জন সাংবাদিকের মাঝে ৫৩ লাখ টাকার চেক বিতরণ করা হয় এদিন।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক জাফর ওয়াজেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কাশেম হুমায়ুন অনুষ্ঠানে বক্তব্য দেন।
