২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তাল গাছটা যেন আমার না হয়’: জি এম কাদের

দলের অনুগতদের দিয়ে নির্বাচন কমিশন গঠন হলে তা ‘হতাশাজনক’ হবে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘তাল গাছটা যেন আমার না হয়।’

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 07:13 PM

Updated : 02 Aug 2022, 02:55 PM

মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় জাপা চেয়ারম্যান বলেন, “শুরু থেকেই আমরা কমিশন গঠনে সহায়তা দিয়ে যাচ্ছি।

“শেষ পর্যন্ত যদি একটি দলের চামচা দিয়ে নির্বাচন কমিশন গঠন হয় তা হবে হতাশাজনক। নির্বাচন কমিশকে ক্ষমতা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাল গাছটা যেন আমার না হয়।”

সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেন, “আমরা নির্বাচন কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন আইন চেয়েছিলাম।

“কিন্তু, নির্বাচন কমিশন গঠনে যে আইনটি হয়েছে তা হচ্ছে নতুন মোড়কে পুরনো জিনিস। দেশের মানুষ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।”

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের কর্মীরাই এখন আর নৌকায় ভোট দিতে চায় না।

“দুর্নীতি, স্বজনপ্রীতি আর বৈষম্যে মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একটি দেশের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের নাম এখন মিয়ানমার ও উত্তর কোরিয়ার পাশে।”

বিএনপিকে একটি ‘ক্ষয়িষ্ণু’ দল আখ্যা দিয়ে জি এম কাদের বলেন, “আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি আর অপরাজনীতি আরও বেড়ে যাবে।”

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের ২৬টি থানার নতুন কমিটি ঘোষণার এই অনুষ্ঠানে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন,তার দল আর কারো জোটে যাবে না।

“আমরা এককভাবেই ৩০০ আসনে নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগ ও বিএনপির ওপর দেশের মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। দুটি দলকে দেশের মানুষ আর চায় না। দেশের মানুষ বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়।”

“নির্বাচনের জন্য ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠন করলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। ক্ষমতাহীন কমিশন দিয়ে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।”

দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহানগর উত্তরের সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠান প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, দপ্তর সম্পাদক-এম এ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠকি সম্পাদক নুরুল হক নুরু, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।