২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেদিন বিজয়ী হয়েও পরে হেরে গেছি’: স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কণ্ঠে হতাশা

গণতন্ত্রের মুক্তির আন্দোলনে সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতন ঘটানো সম্ভব হলেও পরে সেই আদর্শিক রাজনীতি ‘বিচ্যুতিতে’ কষ্ট আর হতাশার কথা উঠে এল স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখ থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 06:48 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

এরশাদবিরোধী আন্দোলনের সূচনায় ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি নিহত শিক্ষার্থীদের স্মরণে সোমবার সকালে শিক্ষা ভবনের সামনে ‘শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে’ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সাবেক ছাত্রনেতারা।পরে ১৯৮২-৯০ স্বৈরাচারবিরোধী ছাত্র নেতৃবৃন্দের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তারা আলোচনা সভায় অংশ নেন।

এরশাদের সময়ে প্রণীত মজিদ খান কমিশনের শিক্ষানীতি বাতিলের দাবিতে ১৯৮৩ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলা ভবনের সামনে বটতলায় মিলিত হন।

তারা মিছিল নিয়ে দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের দিকে এগোলে গুলি চালানো হয়। এই আন্দোলনে জয়নাল, জাফর, কাঞ্চন, দিপালী সাহা, মোজাম্মেল, আইয়ুবসহ অন্তত ১০ শিক্ষার্থী নিহত হন। দুর্বার আন্দোলনের মুখে ১৮ ফেব্রুয়ারি সেই শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয় এরশাদ সরকার।

সেটা ছিল সূচনা, সেই পথ ধরেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটেছিল।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা শফী আহমেদ আলোচনা সভায় বলেন, “আমরা সেদিন বিজয়ী হয়েও পরে পরাজিত হয়েছি, তারাই জয়ী হয়েছে। এরশাদের পতন ঘটাতে পারলেও আদর্শিক রাজনীতির দেউলিয়াত্ব প্রমাণিত হয়েছে।”

আওয়ামী লীগের এই নেতা বলেন, “স্বাধীনতার পর স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি নতুন বাংলাদেশ গড়ার জন্য। আমরা এমন সমাজ চাইনি যেখানে গণতন্ত্র নেই, মানুষের বাক-স্বাধীনতা নেই। ছাত্র আন্দোলনের সর্বঐক্যের দশ দফা এখনো বাস্তবায়ন হয়নি। এই মুহূর্তে দেশের যে সংকট চলছে সেটা হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে কিনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক- এটাই আমরা চাই।”

Image
১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে ছাত্ররা।

১৪ ফেব্রুয়ারি ১৯৮৩, ব্যারিকেড ভেঙে এগোচ্ছে ছাত্ররা।

সেই আন্দোলনের নেতা ওয়ার্কার্স পার্টির নূর আহমেদ বকুল বলেন, “স্বাধীনতা উত্তর বাংলাদেশে এত দীর্ঘ সময় ছাত্র আন্দোলন চলমান থাকবে, এটা আসলেই অনেক দুরূহ ছিল। আমরা যারা নেতৃত্বে ছিলাম তারা অস্তিত্বহীনতায় একটা জায়গায় আছি। হয়ত কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছি চুপ করে, তবে দেশের জন্য দৃশ্যমান কোনো জায়গায় নেই।

“এদেশে প্রগতিশীল ছাত্র আন্দোলন এখন উবে গেছে, আন্দোলনের মধ্যে গড়ে ওঠা সংগঠনগুলোও এখন আর নেই।”

১৯৮২-৯০ স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক, তখনকার জাসদ ছাত্রলীগের সভাপতি মুনির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব তখনকার ছাত্রমৈত্রীর ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুম মনিরের সঞ্চালনায় আলোচনা সভা হয়।

সভাপতির বক্তব্যে মুনির উদ্দিন আহমেদ বলেন, “স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের মধ্যে একটা স্বপ্ন কাজ করত, আমরা আন্দোলন চালিয়ে এসেছি। ১৪ ফেব্রুয়ারি দোয়েল চত্বর হয়ে শিক্ষাভবনের দিকে গেলে গুলি চালানো হয়। তখন প্রায় ১০ আন্দোলনকারী নিহত হন, ১৮ ফেব্রুয়ারি শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। তবু কিন্তু আন্দোলন থেমে থাকেনি, এক পর্যায়ে আমরা আন্দোলনে সফলতা পেয়েছি। স্বৈরাচার এরশাদের পতন হয়েছে।

“কিন্তু আজকে আমরা আছি হিমাগারে, ২৮ জন নেতা ছিলাম, তাদের মধ্যে অনেকে যখন যেই দল ক্ষমতায় যায়, তাদের দলে থেকে যায়। আমাদের আন্দোলনকারীদের সঙ্গে আর শিক্ষা ও গণতন্ত্র স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে আসে না, মিছিলে আসে না। এখন মনে হয় তাদের সঙ্গে কিসের ছাত্রআন্দোলন করলাম। আজকে আমাদের সঙ্গে আন্দোলন করে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে আমরা কেউ দাঁড়াতে পারিনি। নিজেদের স্বার্থের জন্য আমরা বিজাতি হয়ে যাচ্ছি।”

 ১৯৮২-৯০ স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সকলকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মুনির উদ্দিন আহমেদ বলেন, “পরিকল্পিত অর্থনীতি, বিকশিত জীবনবোধ নিয়ে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করতে হলে আবারও একসঙ্গে একই প্লাটফর্মে আসা উচিত। আসুন আমরা একই প্রত্যয়ে বলিয়ান হই। ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’- এই কথার মত আমি বলতে চাই, আমরা সামনে না এলে তো শহীদের রক্ত বৃথা যাবেই।”

অন্যদের মধ্যে গণতন্ত্র মুক্তির আন্দোলনের নেতা কবি মোহন রায়হান, তারেক আলী, লুৎফা হাসান রোজি, ফারুক আহমেদ আলোচনায় অংশ নেন।